E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে আলোচনা, নগরকান্দায় বন্ধ ছয় মিষ্টির দোকান

২০২৬ নভেম্বর ১১ ১৯:০৪:১০
ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে আলোচনা, নগরকান্দায় বন্ধ ছয় মিষ্টির দোকান

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের আশঙ্কায় একসঙ্গে বেশ কয়েকটি মিষ্টির দোকান বন্ধ রাখার ঘটনায় স্থানীয় ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। নিম্নমানের উপকরণ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগ তুলে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন ক্রেতারা।

বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে নগরকান্দা সদর বাজারের বেশ কয়েকটি মিষ্টির দোকান বন্ধ দেখা যায়। বন্ধ থাকা দোকানগুলোর মধ্যে রয়েছে রাজলক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার, বাগাট মিষ্টান্ন ভান্ডার, ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডার, শান্তনু মিষ্টান্ন ভান্ডার, সাহা মিষ্টান্ন ভান্ডার ও রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার।

স্থানীয় ক্রেতাদের অভিযোগ, বাজারের কয়েকটি মিষ্টির দোকানে নিম্নমানের উপকরণ ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রি করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান হতে পারে—এমন আশঙ্কায় দোকানিরা দোকান বন্ধ রেখেছেন বলে ধারণা করছেন তাঁরা। তবে দোকান বন্ধ রাখার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দোকান বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে শান্তনু মিষ্টান্ন ভান্ডারের মালিক শ্রীবাস মুঠোফোনে জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে অভিযান চালানো হতে পারে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, “ভ্রাম্যমাণ আদালতের অভিযান কখন, কোথায় পরিচালনা করা হবে, তা আগে থেকে বলে-কয়ে করা হয় না। যেকোনো সময় অভিযান হতে পারে। তবে আজ দোকানিরা কেন দোকান বন্ধ রেখেছেন, সে বিষয়ে আমি অবগত নই। বিষয়টি নতুন করে সন্দেহের জন্ম দিয়েছে।”

এদিকে স্থানীয় ক্রেতারা বলছেন, মিষ্টি তৈরির পরিবেশ, ব্যবহৃত উপকরণের মান, সংরক্ষণ পদ্ধতি ও খাদ্য নিরাপত্তার বিষয়গুলো নিয়মিত তদারকি করা প্রয়োজন। কারণ, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি বা নিম্নমানের খাদ্যপণ্য বিক্রি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হতে পারে।

নগরকান্দা সদর বাজারের সাধারণ ক্রেতাদের দাবি, বন্ধ থাকা দোকানগুলোসহ বাজারের সব মিষ্টির দোকানে প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে তদন্ত ও প্রয়োজনীয় তদারকি করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

(পিবি/এসপি/নভেম্বর ১১, ২০২৬)

পাঠকের মতামত:

১১ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test