E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

২০২৬ নভেম্বর ১২ ১৮:৩৩:০৫
‘অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

মাদারীপুর প্রতিনিধি : সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী অনিয়মের সঙ্গে জড়িত থাকলে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। 

আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা পরিষদের অর্থায়নে শহীদ মিনার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, পুরো বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজানোর দায়িত্ব নিয়েছে সরকার। ‘সবার আগে বাংলাদেশ’ এই ধারণাকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। যারা জনগণকে সেবা দিচ্ছেন, তাদের সেবার মান নিশ্চিত করতে হবে। জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, তফসিল অফিস ও রেজিস্ট্রে অফিসসহ সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণকে প্রত্যাশিত সেবা দিতে পারছে কি না, সেটিই আমাদের মূল লক্ষ্য।

ঢাকা বিভাগীয় কমিশনার আরো বলেন, সরকারের দীর্ঘমেয়াদি অনেক উন্নয়ন প্রকল্প রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে। দেশের সবাই একসঙ্গে কাজ করলে উন্নয়ন কার্যক্রম আরও সহজ হবে। এই উন্নয়ন করতে গিয়ে কোন কর্মকর্তা দুর্নীতির সাথে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও ইতিমধ্যে মাদারীপুরের কয়েকজন কর্মকর্তা অনিয়ম করার কারণে আইনের আওতায় এসেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার, জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) চৌধুরী মুস্তাফিজুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে মাদারীপুর সদর উপজেলার প্রত্যন্ত গ্রামের ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে সাইকেল বিতরণ করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মাদারীপুর সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।

(এএসএ/এসপি/নভেম্বর ১২, ২০২৬)

পাঠকের মতামত:

১২ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test