E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান, দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো চতুর্থ দফায়

২০২৬ নভেম্বর ১৪ ১৪:২৮:৩২
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান, দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো চতুর্থ দফায়

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : রাশিয়া থেকে আকাশপথে বাংলাদেশে আনার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের চতুর্থ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। এ নিয়ে প্রথম ও দ্বিতীয় ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানিসহ মোট ছয়টি চালান রূপপুর প্রকল্পে পৌঁছাল।

শনিবার (১৪ নভেম্বর) ভোর ৬টা ৫ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সাইট ইনচার্জ কে বি এম রুহুল কুদ্দুস চালান পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য চারটি চালান রূপপুরে পৌঁছেছে।

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গো বিমানে ৪৮টি অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে পৌঁছানোর কথা।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ইউনিটে বর্তমানে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম চলছে। এ পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।

পরীক্ষা সফল হলে প্রয়োজনীয় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য রয়েছে।

(এসকেকে/এএস/নভেম্বর ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test