E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ক্যানসার চিকিৎসা জোরদারে জাতীয় কনসালটেশন অনুষ্ঠিত

২০২৬ নভেম্বর ১৫ ১৪:৩৪:৩৮
ক্যানসার চিকিৎসা জোরদারে জাতীয় কনসালটেশন অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : দেশে ক্যানসার প্রতিরোধ, রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে অংশীজনদের নিয়ে একটি কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশে ক্যানসার চিকিৎসা জোরদারকরণ’ শীর্ষক এ সভার আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এতে সহযোগিতা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গত ৮ থেকে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে পরিচালিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থার (আইএআরসি) যৌথ ‘ইমপ্যাক্ট মিশন’-এর প্রাথমিক ফলাফল ও কৌশলগত অগ্রাধিকার পর্যালোচনা এবং যাচাইয়ের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

কর্মশালায় দেশের ক্যানসার নিয়ন্ত্রণ ব্যবস্থার বর্তমান পরিস্থিতি মূল্যায়নের পাশাপাশি প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, চিকিৎসা ও উপশমকারী সেবা আরও শক্তিশালী করতে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ লক্ষ্যে ক্যানসার চিকিৎসা ও নিয়ন্ত্রণের বিভিন্ন দিক নিয়ে ১২টি বিষয়ভিত্তিক গ্রুপে আলোচনা অনুষ্ঠিত হয়। বিষয়গুলোর মধ্যে ছিল ক্যানসার পরিকল্পনা ও সুশাসন, ক্যানসার নিবন্ধন ও রোগ পর্যবেক্ষণ, প্রতিরোধ ও তামাক নিয়ন্ত্রণ, প্রাথমিক শনাক্তকরণ, প্যাথলজি ও ল্যাবরেটরি মেডিসিন, ডায়াগনস্টিক ইমেজিং ও নিউক্লিয়ার মেডিসিন, সার্জিক্যাল অনকোলজি, মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, উপশমকারী চিকিৎসাসেবা, শিশু ক্যানসার চিকিৎসা এবং বিকিরণ নিরাপত্তা ব্যবস্থাপনা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মণি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তাফা আজিজ সুমন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. এন্থনি এশোফনি।

সভায় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশি-বিদেশি ক্যানসার বিশেষজ্ঞ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন।

কর্মশালায় ১২টি বিষয়ভিত্তিক গ্রুপের পক্ষ থেকে বিস্তারিত আলোচনা ও সুপারিশ উপস্থাপন করা হয়। পাশাপাশি উচ্চপর্যায়ের একটি বিশেষ অধিবেশনে ইমপ্যাক্ট মিশনের প্রাথমিক ফলাফল ও কৌশলগত সুপারিশগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিদের সামনে তুলে ধরা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাংলাদেশের ক্যানসার নিয়ন্ত্রণ কার্যক্রমে জাতীয় পর্যায়ের অঙ্গীকার ও মালিকানা জোরদার করার পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের ক্যানসার প্রতিরোধ, রোগ নির্ণয়, চিকিৎসা ও উপশমকারী সেবার মানোন্নয়নে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।

(এসকেকে/এএস/নভেম্বর ১৫, ২০২৬)



পাঠকের মতামত:

১৫ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test