E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টুঙ্গিপাড়ায় দফায় দফায় মিছিল, বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ 

২০২৬ নভেম্বর ১৫ ১৭:১৮:৪৩
টুঙ্গিপাড়ায় দফায় দফায় মিছিল, বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দফায় দফায় মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলের সময় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। 

গতকাল শনিবার বিকালে ও রাত ৮ টায় উপজেলার বর্নি ইউনিয়নের বর্নি বাজারে ও কুশলী ইউনিয়ন নিলফা বাজারে এঘটনা ঘটে। পরে রাত ১০ টায় পাটগাতী বাসস্ট্যান্ডে আবারও একটি মিছিল বের করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রতক্ষ্যদর্শী সুত্রে জানা যায়, শনিবার বিকালে বর্নি ইউনিয়নের বর্নি মধ্যেপাড়া বিশ্বাসবাড়ি থেকে একটি মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে মিছিলটি বর্নি বাজারে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদ গাজীর কার্যালয় ভাঙচুর করে। এছাড়া পুরো বর্নি এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের টাঙানো ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে। পরে রাত ৮ টার দিকে লাঠিসোটা নিয়ে কুশলী ইউনিয়নের নিলফা বাজারে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় সড়ক অবরোধ করে নিলফা বাজারের বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় তারা। তখন বিএনপি সমর্থিত কিছু লোকের দোকানপাটও ভাঙচুর করে। পরে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে রাত ১০ টার দিকে আবারও পাটগাতী বাসস্ট্যান্ডে একটি মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় প্রায় আধাঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়।

টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদ গাজী বলেন, বিকালে নিষিদ্ধ আওয়ামী লীগ একটি মিছিল বের করে বর্নি বাজারে এসে যুবদলের কার্যালয়টি ভাঙচুর করে। অফিসের ভেতরে থাকা ছবি, ব্যানার, ফেস্টুন, চেয়ার, টেবিল ভাঙচুর করে তান্ডব চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মোল্লা বলেন, নিলফা বাজারের বিএনপির কার্যালয়, বর্নি বাজারের যুবদলের কার্যালয় সহ বিএনপি নেতাকর্মীদের কিছু দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ- ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত তান্ডব চালিয়ে জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। তাদের কঠোর শাস্তির দাবি জানাই।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, "টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি জেনেছি। উর্ধ্বতন নেতাদের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিকাল থেকে রাত পর্যন্ত কয়েকটি মিছিল বের করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে শুনেছি। কিন্তু এব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।

(টিবি/এসপি/নভেম্বর ১৫, ২০২৬)

পাঠকের মতামত:

১৫ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test