E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, সোনা ও টাকা লুট

২০২৬ নভেম্বর ১৫ ১৮:২৪:০৩
সোনাতলায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, সোনা ও টাকা লুট

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল দুর্ধর্ষ ডাকাতি করেছে। প্রাচীর টপকে ভেতরে ঢুকে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে বাড়ির লোকজনকে বেঁধে রেখে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার,নগদ ৮ থেকে ১০ লাখ টাকা লুট হয়েছে বলে জানা গেছে।

গত শনিবার (১৪ই নভেম্বর) দিবাগত শেষ রাতে উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ বটতলা এলাকার শিহিপুরে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে,বাড়ির মালিক মোঃ মোয়াজ্জেম মন্ডলের তিন ছেলের মধ্যে জুলফিকার হায়দার টিটু ও সাজ্জাদুর রহমান তিতাস প্রবাসে থাকেন। অপর ছেলে মোঃ সামিউল ইসলাম তানভীর একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তিন ছেলের কেউই বাড়িতে থাকেন না। বাড়িতে মোয়াজ্জেম মন্ডল ও তার স্ত্রী এবং প্রবাসী দুই ছেলের স্ত্রী মোছাঃ কামরুন নাহার নূর ও মোছাঃ মায়া খাতুন বসবাস করেন।

সরেজমিনে জানা যায়, ঘটনার রাতে ডাকাতদল প্রথমে বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢোকে। পরে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে বাড়ির লোকজনকে বেঁধে ফেলে। এরপর ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

বাড়ির মালিক জানান, ডাকাতদলে সদস্য সংখ্যা ছিল ৪ থেকে ৫ জন। ডাকাত দল চলে যাওয়ার পর বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসেন এবং থানায় খবর দেন। খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ডাকাত দল ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৮ থেকে ১০ লাখ টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন বাড়ির মালিক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।

(বিএস/এসপি/নভেম্বর ১৫, ২০২৬)

পাঠকের মতামত:

১৫ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test