E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে দুই দিনব্যাপী সূর্য পূজা সম্পন্ন, অংশ নিলেন হাজারো ভক্ত

২০২৬ নভেম্বর ১৬ ১৪:১৬:০৭
ঈশ্বরদীতে দুই দিনব্যাপী সূর্য পূজা সম্পন্ন, অংশ নিলেন হাজারো ভক্ত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের দুই দিনব্যাপী সূর্য পূজা সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে সূর্যোদয়ের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা। ৩৬ ঘণ্টা উপবাস থেকে ঈশ্বরদীতে ছট পূজায় হাজারো পূর্ণার্থী অংশগ্রহণ করেন।

এর আগে রবিবার (১৫ নভেম্বর) বিকেলে সূর্যদেবের আরাধনায় পুকুরপাড়ে সমবেত হন সহস্রাধিক নারী-পুরুষ। দিনভর উপবাস থেকে ফুল, প্রসাদ, প্রদীপ ও পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে তাঁরা সেখানে জড়ো হন। সূর্যাস্তের আগে নারীরা কোমরপানিতে নেমে সূর্যের দিকে মুখ করে হাত জোড় করে প্রার্থনা করেন। এ সময় ডালা ও কুলায় সাজানো প্রসাদ ও প্রদীপ নিয়ে সূর্যদেবের আরাধনায় অংশ নেন তাঁরা।

পূজার দ্বিতীয় দিন সোমবার ভোরে আবারও পুকুরপাড়ে সমবেত হন পুণ্যার্থীরা। সূর্যোদয়ের আগে কোমরপানিতে দাঁড়িয়ে শুরু হয় পূজার শেষ পর্ব। সূর্যোদয়ের পর সূর্যদেবকে প্রণাম ও স্নান শেষে শরবত পানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

পূজায় অংশ নেওয়া ভক্তরা জানান, সূর্যদেবের আরাধনার মাধ্যমে তাঁরা নিজেদের পরিবার, দেশ ও এলাকার সুখ-শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন।

স্থানীয়দের মতে, বৃহত্তর এ অঞ্চলের মধ্যে ঈশ্বরদীতে দীর্ঘদিন ধরে বেশ জাঁকজমকপূর্ণভাবে সূর্য পূজা উদ্‌যাপিত হয়ে আসছে। এ উপলক্ষে প্রতিবছরই পুকুরপাড়ে বিভিন্ন এলাকার শত শত পুণ্যার্থীর সমাগম ঘটে।

(এসকেকে/এএস/নভেম্বর ১৬, ২০২৬)

পাঠকের মতামত:

১৬ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test