E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে আধুনিক প্রযুক্তি

২০২৬ নভেম্বর ১৬ ১৪:৫৩:৩৫
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে আধুনিক প্রযুক্তি

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনীয়সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে মোতায়েন করা সদস্যদের মধ্যে সর্বোচ্চসংখ্যক সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ড্রোন প্রযুক্তি ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও ধারণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রমসহ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।

এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা। পাশাপাশি জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন।

দায়িত্ব পালনের সময় বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। দেশের যেকোনো প্রয়োজনে সরকার অর্পিত দায়িত্ব নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে পালনে বিজিবি বদ্ধপরিকর।
(ওএস/এএস/নভেম্বর ১৬, ২০২৬)

পাঠকের মতামত:

১৬ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test