E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

২০২৬ নভেম্বর ১৬ ১৭:২৪:৫২
৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

গোপালগঞ্জ প্রতিনিধি : নাশকতার পরিকল্পনার অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুরে বিস্ফোরক আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৮ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এতে আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মুকসুদপুর থানায় মামলাটি করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ। তিনি উপজেলার টেংরাখোলা গ্রামের কামাল শরীফের ছেলে।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৯ নভেম্বর রাত ১০টার দিকে বাদী আব্দুল কাইয়ূম শরীফ মুকসুদপুর সদর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় মুকসুদপুর সরকারি কলেজের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তারা ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত আকিজ জুট মিলের দিকে চলে যায়। এ সময় বাদীও তাদের পিছু নিয়ে জুট মিলের দিকে এগিয়ে যান। পরে পুলিশের অপর একটি টহল দল ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে তারা জুট মিলের অপর পাশে দাসেরহাট সড়কের মুখে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় শনিবার দুপুরে মুকসুদপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলায় ২৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি সফল করার নামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

(টিবি/এসপি/নভেম্বর ১৬ ২০২৬)

পাঠকের মতামত:

১৬ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test