E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কিশোরী জেবার পরিবারের সন্ধান চেয়েছেন সাতক্ষীরা সদর থানা পুলিশ

২০২৬ নভেম্বর ১৭ ০০:৪২:৩০
কিশোরী জেবার পরিবারের সন্ধান চেয়েছেন সাতক্ষীরা সদর থানা পুলিশ

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর কানাইপুরের বেগম রোকেয়া কিশলয় গার্লস স্কুলের শিক্ষার্থী কিশোরী জেবা স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীদের দ্বারা উদ্ধার হয়ে বর্তমানে সাতক্ষীরা সদর থানা হেফাজতে রয়েছেন। নির্জন সড়ক থেকে উদ্ধার হওয়ার পর থেকে এ কিশোরীর পরিবারের সন্ধানে কাজ করছে সাতক্ষীরা থানা পুলিশ।

কিন্তু কিছুতেই তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছেন না। পরিবারের সন্ধান চেয়ে সবার সহযোগিতা কামনা করেছেন সাতক্ষীরা সদর থানা পুলিশ।

সোমবার সাতক্ষীরা (সদর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, জেবা এখন আমাদের থানা হেফাজতে রয়েছেন। আমরা জেবাকে হস্তান্তর করবো তার পরিবারের এমন কাউকেই খুঁজে পাচ্ছি না, এখনও খুঁজছি'। এ পুলিশ কর্মকর্তা আরও জানান, আমরা জেবাকে কোর্টের মাধ্যমে সেভ হোমে দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। আলালত তা নাকচ করেছেন এবং জেবার পরিবার বা আত্মীয় স্বজনকে খুঁজে বের করে তাঁদের হাতে মেয়েটি সোপর্দ করার চেষ্টা করতে বলেছেন। এছাড়া,কিশোরী জেবা ভালো আছে, সুস্থ আছে ও থানায় হেফাজতে আছে জানিয়ে জেবার পরিবারের সন্ধান পেতে গণমাধ্যমকর্মী সহ সবার সহযোগিতা কামনা করেছেন ওসি শফিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় এক ফায়ার সার্ভিস কর্মী নির্জন সড়কে কিশোরীটিকে একা অবস্থায় দেখতে পান। তার নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসেন। পরে কিশোরীর সঙ্গে কথা বলে তার দেওয়া তথ্য অনুযায়ী পরিবারের পরিচয় ও ঠিকানা জানা যায়। সাতক্ষীরা থানা পুলিশ আরও জানায়, কিশোরীর দেওয়া তথ্য অনুযায়ী, তার নাম জেবা। বাবার নাম কামরুজ্জামান মিরাজ, মায়ের নাম ডলি বেগম। সে ফরিদপুর সদরের কানাইপুর এলাকায় অবস্থিত বেগম রোকেয়া কিশলয় গার্লস স্কুলের শিক্ষার্থী। তার দেওয়া ঠিকানা মতে সে সাতক্ষীরার মনিহারপুর, ১১/১ নম্বর ওয়ার্ড, পুরাতন রোড এলাকার বাসিন্দা।

জেবা নিজ হাতে পরিবারের পরিচয় ও ঠিকানা লিখে দিলেও এখন পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ অবস্থায় তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা এবং পরিবারের সদস্যদের খুঁজে বের করতে সংশ্লিষ্ট থানা, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবা অধিদপ্তর, গণমাধ্যমকর্মী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।
কেউ জেবা অথবা তার বাবা কামরুজ্জামান মিরাজ ও মা ডলি বেগমের বিষয়ে কোনো তথ্য জানলে সাতক্ষীরা সদর থানা কিংবা SoDESH হটলাইনে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: SoDESH হটলাইন—০১৩৩৯৬২৬৮৮৪। এছাড়া, সাতক্ষীরা পুলিশের হেফাজতে থাকা কিশোরী জেবাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।

(আরআর/এএস/নভেম্বর ১৭, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test