E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বারবার পার পাচ্ছে কারা?

নম্বর বাড়ে, মামলা হয়, কিন্তু জালিয়াতি থামে না! 

২০২৬ নভেম্বর ১৭ ১৭:২৩:৫০
নম্বর বাড়ে, মামলা হয়, কিন্তু জালিয়াতি থামে না! 

জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরীক্ষার ফল জালিয়াতির ঘটনা যেন থামছেই না। কখনো ১০ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানো, কখনো একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েও জিপিএ-৫ পাওয়া, আবার কখনো পরীক্ষা না দিয়েও ভালো ফল পাওয়ার অভিযোগ উঠেছে। একের পর এক মামলা, তদন্ত কমিটি ও অভিযোগপত্র হলেও ফল জালিয়াতির পুনরাবৃত্তি ঠেকানো যাচ্ছে না। ফলে প্রশ্ন উঠেছে—শিক্ষা বোর্ডের ভেতরে থাকা প্রকৃত অপরাধীরা কি বারবার আড়ালেই থেকে যাচ্ছেন?

সর্বশেষ মামলা: কম্পিউটার সেলের তিন কর্মচারী ও এক শিক্ষার্থী আসামি

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ, ১০ বিষয়ে অকৃতকার্য ওই শিক্ষার্থীর ১১টি বিষয়ের নম্বর বাড়িয়ে ফলাফল পরিবর্তন করা হয়েছে। তবে এ ঘটনায় মূল ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন তাঁদের আসামি করা হয়নি, তা নিয়েও সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

সিআইডিতে তদন্ত হস্তান্তরের সম্ভাবনা

নতুন করে ফল জালিয়াতির মামলাগুলোর তদন্তভার অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তরের সম্ভাবনা তৈরি হয়েছে বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে। ইতিমধ্যে থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন সিআইডি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো আদেশ হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পাঁচলাইশ থানার তদন্ত কর্মকর্তাও বলেছেন, এ ধরনের কোনো কাগজ তিনি পাননি। তবে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সংশ্লিষ্টদের মতে, থানা পুলিশের নিয়মিত মামলা, ডিউটি ও অন্যান্য দায়িত্বের চাপের মধ্যে এ ধরনের জটিল ডিজিটাল অপরাধের স্বতন্ত্র ও গভীর তদন্ত করা কঠিন। বিশেষ করে কম্পিউটার, সার্ভার, ইউজার অ্যাকাউন্ট, আইপি অ্যাড্রেস ও ডিজিটাল লগ জব্দ করে ফরেনসিক পরীক্ষা করা জরুরি। ফলে সিআইডির মতো বিশেষায়িত সংস্থার তদন্তে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছেন শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকে।

নম্বর পরিবর্তনের ভয়াবহ চিত্র

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে জালিয়াতির অভিযোগে নগরের পাঁচলাইশ মডেল থানায় একটি মামলা হয়েছে। মামলার নম্বর ২৬/২৩৪। বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন বাদী হয়ে মামলাটি করেন।

এজাহার অনুযায়ী, পুনর্নিরীক্ষণের সময় এক শিক্ষার্থীর পদার্থবিজ্ঞান বিষয়ের উত্তরপত্রের নম্বরের সঙ্গে বোর্ডের কম্পিউটার সেল থেকে পাওয়া প্রিন্ট আউটের নম্বরের ব্যাপক পার্থক্য ধরা পড়ে। পরে বোর্ডের প্রোগ্রামার যাচাই করে নম্বরের গরমিলের সত্যতা পান।

এজাহারে বলা হয়েছে, শিক্ষার্থীর ১১টি বিষয়ের সৃজনশীল অংশের নম্বর বাড়ানো হয়েছে। বাংলার প্রথম পত্রে ২৩ থেকে ৩৩, দ্বিতীয় পত্রে ২৪ থেকে ৬২, ইংরেজির প্রথম পত্রে ৩৩ থেকে ৮৩ এবং দ্বিতীয় পত্রে ২০ থেকে ৮২ করা হয়। গণিতে ৯ থেকে ৬৬, ইসলাম শিক্ষায় ৭ থেকে ৬৪, উচ্চতর গণিতে শূন্য থেকে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্য থেকে ৪৫, রসায়নে ১ থেকে ৪৬, জীববিজ্ঞানে ১ থেকে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪ থেকে ৬৫ নম্বর করা হয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদনে শিক্ষার্থীর ইন্ধনে কম্পিউটার সেলের সংশ্লিষ্ট তিন কর্মচারীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় নম্বর পরিবর্তনের অভিযোগ আনা হয়েছে। মামলার আসামিরা হলেন কম্পিউটার সেলের স্ক্যানিং অপারেটর ইমতিয়াজ আহমেদ চৌধুরী, মো. রাশেদুল ইসলাম এবং কম্পিউটার অপারেটর (সলভার) নূর হোসেন রায়হান। এ ছাড়া ১৭ বছর বয়সী ওই শিক্ষার্থীকে আসামি করা হয়েছে।

প্রশ্নের মুখে প্রোগ্রামারদের বাদ দেওয়া

নতুন মামলায় কম্পিউটার সেলের তিন কর্মচারীকে আসামি করা হলেও ফলাফল প্রস্তুতের কারিগরি দায়িত্বে থাকা প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারদের আসামি না করায় প্রশ্ন তুলেছেন অন্য একটি শিক্ষা বোর্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, "প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামার মূল ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকেন। অথচ এ মামলায় যাদের আসামি করা হয়েছে, তারা দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী। ফলে মূল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বাদ দিয়ে শুধু দৈনিক কর্মচারীদের আসামি করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।"

তিনি আরও বলেন, "এদের (প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামার) কৌশলে বাঁচানো হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার। এজাহারে যে ধরনের নম্বর পরিবর্তনের কথা বলা হয়েছে, তাতে প্রোগ্রামার ছাড়া অন্য কারও এ কাজ করার সুযোগ থাকার কথা নয়। কারণ, ওই প্রক্রিয়ায় রোল নম্বর থাকে না। নম্বর পরিবর্তন করতে হলে মূল ডিভাইসে প্রবেশ করতে হয়, যা কেবল প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামার ব্যবহার করতে পারেন।"

বোর্ড সচিবের বক্তব্য

বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন বলেন, "ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী পাঁচলাইশ মডেল থানায় চারজনের বিরুদ্ধে এজাহার দেওয়া হয়েছে।"

মূল দায়িত্বে থাকা প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারদের আসামি না করার বিষয়ে তিনি বলেন, "ফল জালিয়াতির ঘটনা জানার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি যাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, সম্ভবত সে কারণেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে, কারা জড়িত তা জানা যাবে।"

২০২৩ সালের জালিয়াতি: নক্ষত্র দেবনাথের ঘটনা

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির অভিযোগ নতুন নয়। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় বোর্ডের তৎকালীন এক কর্মকর্তার ছেলে নক্ষত্র দেবনাথের ফলাফল জালিয়াতির অভিযোগে ২০২৫ সালের ২১ জানুয়ারি পাঁচলাইশ থানায় মামলা হয়। বোর্ডের তৎকালীন সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ বাদী হয়ে মামলাটি করেন। এতে আসামি করা হয় অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ, কিবরিয়া মাসুদ খান, নক্ষত্র দেবনাথ ও অধ্যাপক মুস্তফা কামরুল আখতারকে।

এ ঘটনায় শিক্ষা অধিদপ্তরের উচ্চপর্যায়ের তদন্তে ফল জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হলেও নানা অসঙ্গতি রেখে গেছেন। পরে নক্ষত্রের ফলাফল, সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট বাতিল করা হয়। মামলায় অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ ও কিবরিয়া মাসুদ খান কারাগারেও যান। পরে তাঁরা জামিনে মুক্তি পান।

তবে পুলিশের সর্বশেষ অভিযোগপত্রে চারজনকে অভিযুক্ত করা হলেও ডিজিটাল তথ্য-প্রমাণের পূর্ণাঙ্গ বিবরণ নিয়ে প্রশ্ন তুলেছেন নথি পর্যালোচনাকারীরা। কোন কম্পিউটার থেকে তথ্য পরিবর্তন করা হয়েছে, কোন ইউজার আইডি ব্যবহার করা হয়েছে, কোন আইপি অ্যাড্রেস থেকে লগইন করা হয়েছে কিংবা সার্ভার লগে কী তথ্য রয়েছে—এসব বিষয়ে অভিযোগপত্রে সুনির্দিষ্ট কারিগরি তথ্যের ঘাটতি রয়েছে বলে প্রশ্ন উঠেছে।

জিডির রহস্য: ১২ পত্রের পুনর্নিরীক্ষার আবেদনকারী অজ্ঞাত

২০২৩ সালের ফল জালিয়াতির ঘটনার শুরুতে আরেকটি অস্বাভাবিক বিষয় সামনে আসে। ফল প্রকাশের পর নক্ষত্র দেবনাথের পরিবার জানতে পারে, তার ছয়টি বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে ১২টি পত্রের পুনর্নিরীক্ষণের আবেদন আগেই করা হয়েছে। এ ঘটনায় নক্ষত্রের মা বনশ্রী নাথ ২০২৩ সালের ৪ ডিসেম্বর পাঁচলাইশ থানায় জিডি করেন।

জিডির তদন্তে জানা যায়, ২৮ নভেম্বর ২০২৩ রাত ৮টা ১৩ মিনিটে একটি টেলিটক নম্বর থেকে ওই ১২টি পত্রের পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়। নম্বরটি নিবন্ধিত ছিল মামুনুর রহমান মামুনের নামে। সেটি চকবাজারের "চকরিয়ার কম্পিউটার" নামের একটি দোকানে ব্যবহার করা হতো। আবেদনে রেফারেন্স হিসেবে ব্যবহৃত বাংলালিংক নম্বরটি নিবন্ধিত ছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক আবদুল আলীমের নামে।

তবে দোকানমালিক পুলিশকে জানান, প্রতিদিন অনেক মানুষ তাঁর দোকানে অনলাইন আবেদন করতে আসেন। নির্দিষ্ট আবেদনকারীকে তাঁর মনে নেই। দোকানে সিসিটিভিও ছিল না। ফলে আবেদনকারীকে শনাক্ত করা সম্ভব হয়নি। দুটি তদন্তেই ১২টি পত্রের আবেদনকারী অজ্ঞাত থেকে যান।

বিশেষজ্ঞদের মত: জবাবদিহি না থাকায় অপরাধ স্বাভাবিক হয়ে যাচ্ছে

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক আব্দুল আলীম বলেন, "দীর্ঘদিন ধরে এক ধরনের বিচারহীনতা চলছে। জবাবদিহি নেই। এসব না থাকার কারণে ফল জালিয়াতি করার সাহস পাচ্ছে। একটু একটু অপরাধ করতে করতে এখন বড় অপরাধও করছে। ফলে অপরাধটা স্বাভাবিক রূপ নিচ্ছে।"

শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারা আলম বলেন, "আমরা কেন এই দুর্নীতিটা রোধ করতে পারছি না? শিক্ষা প্রতিষ্ঠানে যতদিন দুর্নীতি রোধ করা না যাবে, ততদিন শিক্ষা ব্যবস্থার এই অনিয়ম রয়ে যাবে। দ্রুত সময়ে এসব ফল জালিয়াতি বন্ধ করা দরকার।"

তদন্ত কর্মকর্তাদের বক্তব্য

নতুন মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্ত বলেন, "আগেও একটি এইচএসসি ফল জালিয়াতির অভিযোগে মামলা হয়েছিল। সেই মামলা তদন্ত করে আদালতে প্রতিবেদন পাঠিয়েছেন তদন্ত কর্মকর্তা। কিন্তু তাঁদের অনেকেই এখন বোর্ডে নেই। শুনেছি ওএসডি। কিন্তু বর্তমানে কারা আবারও ফল জালিয়াতি করছে, তা সঠিকভাবে তদন্ত করা হচ্ছে। বাকিটা তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না।"

আগের মামলার তদন্ত কর্মকর্তা এসআই এসএম সফিউল আজম মুন্সী বলেন, "অভিযোগপত্রে চারজনকে আসামি এবং ১৪ জনকে সাক্ষী করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনসহ দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত অভিযোগপত্র পর্যালোচনা করে পরবর্তী আদেশ দেবেন।" তবে ফলাফল পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট নির্দিষ্ট কম্পিউটার, ইউজার, আইপি বা সার্ভার লগের ডিজিটাল ফরেনসিক পরীক্ষা হয়েছে কি না, জানতে চাইলে তিনি সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

মূল প্রশ্ন: শিকড় পর্যন্ত পৌঁছাবে তদন্ত?

শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা ফেরাতে শুধু মামলা কিংবা তদন্ত কমিটি গঠন যথেষ্ট নয়। প্রয়োজন স্বাধীন ও বিশেষায়িত তদন্ত, ডিজিটাল আলামত জব্দ ও ফরেনসিক পরীক্ষা, ফলাফল পরিবর্তনের প্রতিটি ধাপের নিরীক্ষা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তদন্তে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধী যেন প্রভাব বা কৌশলে রেহাই না পান। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির পুনরাবৃত্তি বন্ধ করতে হলে এবার অপরাধের শিকড় পর্যন্ত পৌঁছানো জরুরি। অন্যথায় একের পর এক মামলা হলেও প্রশ্ন থেকেই যাবে—শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এই জালিয়াতির "সর্ষের ভূত" আসলে কোথায়!

(জেজে/এসপি/নভেম্বর ১৭, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test