E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত দুই ইউপি সদস্য

২০২৬ নভেম্বর ১৭ ১৭:৫৩:৩৪
বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত দুই ইউপি সদস্য

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ার কাহালুতে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় পাইকড় ইউনিয়ন পরিষদের দুই ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। 

আজ মঙ্গলবার সকালের দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহ হাট থেকে নুনগোলা সড়কের পাইকড় পাঞ্জুয়াপাড়া পাকা রাস্তায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী (৬৫) এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাসেদ (৭০)। এছাড়া দুর্ঘটনায় আ. মকিম (৬০) নামের অপর এক ব্যক্তি আহত হয়েছেন।

জানা গেছে, সকালে নিজ এলাকা থেকে একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলে করে তিনজন কাহালুর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের মোটরসাইকেলটি কাহালু থানাধীন নারহট্ট ইউনিয়নের দরগাহহাট থেকে নুনগোলা সড়কের পাইকড় পাঞ্জুয়াপাড়া পাকা রাস্তায় পৌঁছায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি বালুভর্তি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনার পর মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে রাস্তায় পড়ে যান। এতে ঘটনাস্থলেই দুই ইউপি সদস্য বাবর আলী ও আব্দুল বাসেদ মারা যান। স্থানীয়রা গুরুতর আহত আ. মকিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

(এআরআই/এসপি/নভেম্বর ১৭, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test