E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’

২০২৬ নভেম্বর ১৯ ০১:০৭:১৯
‘রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পারমাণবিক বিদ্যুৎ বাংলাদেশের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি প্রকৌশল দক্ষতা ও বৈজ্ঞানিক গবেষণার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।

রোসাটমের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৫ মিনিট ৫৭ সেকেন্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। এ সময় প্রথম ইউনিটটি নির্ধারিত তাপীয় সক্ষমতার ৪০ শতাংশে পৌঁছে ৩৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে।

অ্যালেক্সি লিখাচেভ বলেন, প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমের সূচনা বাংলাদেশ ও রাশিয়া—উভয় দেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। বাংলাদেশ একটি নির্ভরযোগ্য, স্থিতিশীল ও পরিবেশবান্ধব জ্বালানির উৎস পেতে যাচ্ছে। এটি আমদানিনির্ভর হাইড্রোকার্বন জ্বালানির ওপর দেশটির নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, পারমাণবিক বিদ্যুৎ শুধু বিদ্যুতের চাহিদা পূরণেই ভূমিকা রাখবে না, বরং উন্নত প্রযুক্তির প্রসার, প্রকৌশল দক্ষতা বৃদ্ধি এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে।

গত অক্টোবরের মাঝামাঝি সময়ে রূপপুরের প্রথম ইউনিট ন্যূনতম নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন পর্যায়ে পৌঁছায়। এর মাধ্যমে রিয়্যাক্টরের কোরে স্বয়ংসম্পূর্ণ ও নিয়ন্ত্রিত পারমাণবিক চেইন রিঅ্যাকশন প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক পর্যায়ে রিয়্যাক্টরের ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে নির্ধারিত সক্ষমতার প্রায় ৪০ শতাংশে উন্নীত করা হয়েছে। এ পর্যায়ে স্টিম জেনারেটর থেকে উৎপন্ন বাষ্পের মাধ্যমে টারবাইন চালিয়ে বিদ্যুৎ উৎপাদন এবং জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়। পরবর্তী সময়ে পরীক্ষামূলক পরিচালনা পর্যায়ে ধীরে ধীরে উৎপাদন বাড়িয়ে পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। এরপর বাণিজ্যিক উৎপাদনের পথ সুগম হবে।

রাশিয়ার নকশায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রকল্পটির সাধারণ নকশা প্রণয়নকারী ও ঠিকাদার হিসেবে কাজ করছে রোসাটমের ইঞ্জিনিয়ারিং বিভাগ।

কেন্দ্রটিতে আধুনিক আন্তর্জাতিক নিরাপত্তার মানদণ্ড অনুসরণে নির্মিত তৃতীয় প্রজন্মের প্লাস (জেনারেশন III+) প্রযুক্তির ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর স্থাপন করা হয়েছে। বর্তমানে রাশিয়া ও বেলারুশে এ প্রযুক্তির ছয়টি ইউনিট চালু রয়েছে। এ ছাড়া মিসর, হাঙ্গেরি, তুরস্ক ও চীনসহ কয়েকটি দেশে একই প্রযুক্তির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে।
(এসকেকে/এএস/নভেম্বর ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

১৯ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test