E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রূপপুরের নিরাপত্তাব্যবস্থার প্রশংসায় আইএইএ, জরুরি প্রস্তুতিতে পাঁচ বিষয়ে উন্নতির তাগিদ

২০২৬ নভেম্বর ২০ ১৮:২৬:২১
রূপপুরের নিরাপত্তাব্যবস্থার প্রশংসায় আইএইএ, জরুরি প্রস্তুতিতে পাঁচ বিষয়ে উন্নতির তাগিদ

ঈশ্বরদী প্রতিনিধি : বাংলাদেশের পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় নেওয়া প্রস্তুতি ও অঙ্গীকারের প্রশংসা করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। তবে দেশের জরুরি প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থা আরও শক্তিশালী করতে পাঁচটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উন্নয়নের সুপারিশ করেছে সংস্থাটি।

গত ৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত পরিচালিত ১০ দিনব্যাপী জরুরি প্রস্তুতি পর্যালোচনা (ইপিআরইভি) মিশন শেষে আইএইএ এ সুপারিশ করে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম শুরুর প্রস্তুতির প্রেক্ষাপটে বাংলাদেশের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ডের আলোকে মূল্যায়ন করে সংস্থাটির বিশেষজ্ঞ দল।

বুধবার রাতে আইএইএর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের অঙ্গীকার ও উদ্যোগ প্রশংসনীয়।

পর্যালোচনা দলটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে। এ ছাড়া সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ, উদ্ধারকারী সংস্থা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে।

পরিদর্শনকালে বাংলাদেশের বিদ্যমান দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি সাড়াদান অবকাঠামোর প্রশংসা করে দলটি। বিশেষ করে কেন্দ্রের চিকিৎসাকেন্দ্র ও বিশেষায়িত অগ্নিনির্বাপণ স্টেশনের প্রস্তুতিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়।

তবে জরুরি প্রস্তুতি আরও কার্যকর করতে পাঁচটি ক্ষেত্রে উন্নয়নের সুপারিশ করা হয়েছে। এগুলো হলো—জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থার সঙ্গে পারমাণবিক জরুরি পরিস্থিতি মোকাবিলার কার্যক্রম সমন্বিত করা, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা, জাতীয় সুরক্ষা কৌশল প্রণয়ন সম্পন্ন করা, কারিগরি ও জনসাধারণের সঙ্গে যোগাযোগব্যবস্থা শক্তিশালী করা এবং নিয়মিত জরুরি মহড়ার আয়োজন করা। এর মধ্যে রূপপুরে একটি পূর্ণাঙ্গ জরুরি পরিস্থিতি মোকাবিলা মহড়া আয়োজনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

পর্যালোচনা দলের প্রধান ও যুক্তরাষ্ট্রের আর্গন ন্যাশনাল ল্যাবরেটরির অ্যাসেসমেন্ট অ্যান্ড রেসপন্স বিভাগের গ্রুপ লিডার মার্ক ব্রেইটিঙ্গার বলেন, আইএইএর নিরাপত্তা মানদণ্ড অনুসারে পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশ দৃঢ় অঙ্গীকারের পরিচয় দিয়েছে।

তিনি আরও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিংয়ের প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে উন্মুক্ত ও গঠনমূলক মনোভাব দেখা গেছে। যা নিরাপত্তার প্রতি বাংলাদেশের দায়িত্বশীল অঙ্গীকারের প্রতিফলন।

মার্ক ব্রেইটিঙ্গারের নেতৃত্বে পরিচালিত এ পর্যালোচনা দলে আইএইএর প্রতিনিধিসহ নয়টি দেশের বিশেষজ্ঞরা অংশ নেন।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, এ মিশনের মাধ্যমে দেশের বিদ্যমান প্রস্তুতি ও ব্যবস্থাপনা মূল্যায়ন, উন্নয়নের ক্ষেত্রগুলো চিহ্নিত এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার সুযোগ তৈরি হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, আইএইএর সুপারিশ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে মন্ত্রণালয়, জরুরি সেবাদানকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব সুনির্দিষ্ট করে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড ও উত্তম চর্চা অনুসরণ করে জাতীয় জরুরি প্রস্তুতি ও সাড়াদান কাঠামো আরও শক্তিশালী করাই এর লক্ষ্য। এর মাধ্যমে দেশের জনগণ, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদিত ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। পরে ৩৭৫ মেগাওয়াটে উন্নীত হয়। সাড়ে আট ঘণ্টা ব্যাপী গ্রীডে সরবরাহকৃত বিদ্যুতের দাম প্রায় দুই কোটি টাকা। এরমধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছে।

(এসকেকে/এসপি/নভেম্বর ২০, ২০২৬)

পাঠকের মতামত:

২০ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test