E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তিস্তা নদী ভাঙন রক্ষা প্রকল্পে পুকুর চুরি, এলাকায় ক্ষোভ

২০২৬ নভেম্বর ২০ ১৮:৩৪:২৮
তিস্তা নদী ভাঙন রক্ষা প্রকল্পে পুকুর চুরি, এলাকায় ক্ষোভ

পিএম সৈকত, কুড়িগ্রাম : নদীভাঙন ঠেকাতে সরকারের কোটি কোটি টাকার প্রকল্প। অথচ তিস্তার তীর রক্ষায় উত্তোলন করা বালু নদীতে ফেলার পরিবর্তে ভরাট করা হচ্ছে ব্যক্তিগত পুকুর ও কবরস্থান। এ বালু ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ উঠেছে স্থানীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন ছাত্রদল, ছাত্রশক্তি ও যুবশক্তির কয়েকজন নেতা। একাধিক পুকুরমালিকের দাবি, প্রকল্পের বালু দিয়ে পুকুর ভরাট করতে তাঁদের টাকা দিতে হয়েছে। তবে অভিযুক্তরা অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করে ড্রেজার খরচ নেওয়ার কথা বলছেন।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম এলাকায় তিস্তা নদীর বাম তীর সংরক্ষণ ও ভাঙন প্রতিরোধে ২০২৫-২০২৬ অর্থবছরে ৪৭০ মিটার এলাকায় জিওব্যাগ ফেলার প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রকল্পের চুক্তিমূল্য ২ কোটি ৮৬ লাখ টাকা। কার্যাদেশ অনুযায়ী ঠিকাদার মো. ফরহাদ হলেও মাঠপর্যায়ে কাজ করছেন সাব-ঠিকাদার কফিল উদ্দিন। প্রকল্পে ৪২ হাজার ৩৬৮টি জিওব্যাগ ফেলার বরাদ্দ রয়েছে।

পাউবো সূত্র জানায়, ইতিমধ্যে ২২ হাজারের বেশি জিওব্যাগ ফেলা হয়েছে। প্রথম ধাপে ছাড় হয়েছে ৫৫ লাখ টাকা।

অনুসন্ধানে জানা গেছে, নদীর পুরোনো গতিপথে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ চর জেগে ওঠায় প্রকল্পের কাজে খনন করে বালু উত্তোলন করা হচ্ছে। জিওব্যাগ তৈরির পর অতিরিক্ত বালু নদীতে ফেলার কথা থাকলেও তা ব্যক্তিগত পুকুর ও কবরস্থান ভরাটে ব্যবহারের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, গতিয়াশাম নামাভরট এলাকায় অন্তত ছয়টি পুকুর ভরাটে প্রায় ১ লাখ ৫০ হাজার ঘনফুট বালু ব্যবহার হয়েছে। প্রতি হাজার ঘনফুট ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকা হিসাবে এর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ থেকে ৩ লাখ ১৫ হাজার টাকা।

স্থানীয় ইমন তাঁর ১২ শতাংশের পুকুর ভরাটে ৩৫ হাজার ঘনফুট বালুর জন্য ৭০ হাজার টাকা দিয়েছেন বলে দাবি করেন। তাঁর অভিযোগ, সাব-ঠিকাদার হাসান মেহেদি তাঁর কাছ থেকে প্রতি হাজার ঘনফুট বালুর দাম ২ হাজার টাকা নিয়েছেন।

একই গ্রামের আব্দুল হামিদ ৩০ হাজার ঘনফুট বালু দিয়ে পুকুর ভরাটে ৬৫ হাজার টাকা দিয়েছেন। তিনি বলেন, আমরা কবরস্থান বানানোর জন্য এটি ভরাট করেছি। আমড়া তো টাকা দিয়ে নিয়েছি। তাঁর দাবি, বালু ভরাটের জন্য রাকিবুল, মেহেদি ও তানজিলের কাছে টাকা দিয়েছেন। এ ছাড়া ন্যাচার উদ্দিন ও তাঁর ভাইদের ৩০ শতাংশের পুকুর ভরাটে ৫২ হাজার ঘনফুট বালু ব্যবহার হয়েছে। এজন্য তাঁরা ১ লাখ টাকা দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল হাসান তাঁর দুটি পুকুরে প্রায় ৬ হাজার ঘনফুট বালু দিয়ে ভরাট করেছেন। তিনি বলেন, আমার এখানে তো অল্প বালু নিয়েছি। সেজন্য ড্রেজার খরচ দিয়েছি। ড্রেজারের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কফিল ভাই এই টাকা নিয়েছে।

অন্যদিকে, রাজারহাট উপজেলা যুবশক্তির যুগ্ম সদস্যসচিব তানজিল হাসান তাঁদের মালিকানাধীন ১০ শতাংশের পুকুরে ২৭ হাজার ঘনফুট বালু দিয়ে ভরাটের কথা স্বীকার করেন। তাঁর ভাষ্য, পুকুর ভরাট করে দিলে তো ড্রেজার খরচ লাগবেই, আমড়া সেই ড্রেজার খরচ নিয়েছি সবার কাছে।

প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত ও উপজেলা ছাত্রশক্তির সভাপতি হাসান মেহেদি দাবি করেন, জমির মালিকদের বাধার কারণে অতিরিক্ত বালু নদীতে ফেলা সম্ভব হয়নি। পরে ড্রেজার খরচ দিয়ে তাঁরা পুকুর ও কবরস্থান ভরাট করেছেন। এ অর্থ ড্রেজার ম্যানেজার ও চালককে দেওয়া হয়েছে, তিনি নিজে টাকা নেননি। তবে পুকুরমালিকদের দাবি, তাঁরা ড্রেজার ম্যানেজার বা চালককে নয়, সরাসরি স্থানীয় তিন ছাত্রনেতার কাছে টাকা দিয়েছেন।

প্রকল্পের সাব-ঠিকাদার হাসান জিহাদীও দাবি করেন, স্থানীয়রা ড্রেজার খরচ দিয়ে নিজেদের পুকুর ও কবরস্থান ভরাট করেছেন। তবে অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার সময় তিনি প্রতিবেদককে মামলা করার হুমকি দেন।

প্রকল্পের শুরুতে স্থানীয় কয়েকজনকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছিল বলে জানান রাজারহাট উপজেলার শিবিরের পশ্চিম শাখার সভাপতি সুজন। কাজের অসংগতি দেখে তিনি গ্রুপ থেকে বের হয়ে আসেন বলে দাবি করেন।

প্রকল্পের মূল ঠিকাদার কফিল উদ্দিন ব্যক্তিগত পুকুর ভরাটের বিষয়টি স্বীকার করলেও কারও কাছ থেকে অর্থ নেওয়া হয়নি বলে দাবি করেন। রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে আমি জানি না এবং বিষয়টি আমি দেখব।

কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, তিস্তা নদীতে বালু উত্তোলনের কোনো প্রকল্প নেই। ড্রেজার দিয়ে বালু উত্তোলনের আগে হাইড্রোলজিক্যাল সার্ভে বাধ্যতামূলক। এ ধরনের সার্ভে ছাড়া বালু উত্তোলনের কোনো এক্তিয়ার নেই।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, বালু বিক্রি বা পুকুর ভরাটের বিষয়ে তাঁদের কাছে কোনো অভিযোগ আসেনি। তিনি বলেন, আমাদের সঙ্গে সম্পৃক্ততা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(পিএস/এসপি/নভেম্বর ২০, ২০২৬)

পাঠকের মতামত:

২০ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test