E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বগুড়ায় আওয়ামী লীগ-ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

২০২৬ নভেম্বর ২০ ১৮:৪৭:৩১
বগুড়ায় আওয়ামী লীগ-ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ইস্তিয়াক রনি (২২), উপজেলার সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সেলিম রেজা (৫২) এবং মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদ রানা (২৯)।

শেরপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ধুনট মোড় এলাকা থেকে ইস্তিয়াক রনিকে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যায় সুঘাট ইউনিয়নের জোড়গাছা বাজার এলাকা থেকে সেলিম রেজা এবং একই সময়ে মির্জাপুর বাজার এলাকা থেকে শহিদ রানাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার গাড়িদহ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি ভ্যানে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত ১৫ নভেম্বর গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা আমির হামজা বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেন। মামলায় সাবেক দুই সংসদ সদস্য হাবিবুর রহমান ও মজিবর রহমান মজনুসহ ১০৮ জনকে আসামি করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

(এআরআই/এসপি/নভেম্বর ২০, ২০২৬)

পাঠকের মতামত:

২০ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test