E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!

২০২৬ নভেম্বর ২০ ১৯:২৭:৫৯
দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!

পিএম সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের আবাসিক বিদ্যুৎ মিটারে তিন মাসে বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। অথচ তাঁর বাড়িতে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ খুবই সীমিত। ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া, একটি বাতি জ্বালানো ও একটি ফ্যান চালানো ছাড়া উল্লেখযোগ্য কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করেন না তিনি। অস্বাভাবিক এই বিল নিয়ে বিদ্যুৎ অফিসে একাধিকবার গিয়েও প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী মো. ইউনুস আলী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের মৃত আফতাব আলীর ছেলে। তাঁর মিটার হিসাব নম্বর ১০৫০০৮৫৪৯৪০৮৪।

ইউনুস আলীর বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ৪৬৫ ইউনিট ব্যবহারের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবর মাসে ৪২৯ ইউনিটের বিপরীতে ৯ হাজার ১৬০ টাকা এবং নভেম্বর মাসে ৫০৪ ইউনিটের বিপরীতে বিল এসেছে ১৭ হাজার ৮৪৩ টাকা। তিন মাসে মোট ১ হাজার ৩৯৮ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল দাঁড়িয়েছে ৫০ হাজার ৩০ টাকা।

ভুক্তভোগীর দাবি, তাঁর বাড়িতে একটি বাতি, একটি ফ্যান এবং ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া ছাড়া তেমন কোনো বিদ্যুৎ ব্যবহার হয় না। পেশায় দিনমজুর ইউনুস আলীর সম্পদ বলতে রয়েছে মাত্র আড়াই শতক ভিটেমাটি। সেই সামান্য জায়গায় পরিবারের ছয় সদস্যকে নিয়ে গাদাগাদি করে বসবাস করেন তাঁরা। দিনমজুরি করে কোনোমতে সংসার চালানো এই মানুষের পক্ষে তিন মাসে ৫০ হাজার টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করা অসম্ভব হয়ে পড়েছে।

ইউনুস আলী অভিযোগ করেন, অস্বাভাবিক বিলের বিষয়ে তিনি কয়েকবার বিদ্যুৎ অফিসে গিয়েছেন। এজিএমসহ বিভিন্ন কর্মকর্তার কাছেও সমস্যার কথা জানিয়েছেন। কিন্তু প্রতিকার পাওয়ার পরিবর্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ তাঁর। বাধ্য হয়েই বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

এ বিষয়ে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, ‘কোনো গ্রাহকের সমস্যা থাকলে অফিসে এসে অভিযোগ করবেন। সাংবাদিকদের কাছে কেন যাবেন? আমরা প্রতি মাসে নিজেরাই ৫০ থেকে ১০০টি মিটার পরীক্ষা করে থাকি। কারও মিটারে সমস্যা থাকলে অভিযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

৫০ হাজার টাকার বিল প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে তাঁর বিল যদি ৫০ হাজার টাকা এসে থাকে, তাহলে তাঁকে ৫০ হাজার টাকা পরিশোধ করতে হবে। তবে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সংশোধন করা হবে।’

তবে একজন দিনমজুরের সীমিত বিদ্যুৎ ব্যবহারের পরও মাসে ৪০০ থেকে ৫০০ ইউনিটের বেশি ব্যবহার দেখানোর কারণ কী, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মিটারের প্রকৃত রিডিং, বিল প্রস্তুতের প্রক্রিয়া এবং ইউনিটপ্রতি মূল্যসহ বিলের প্রতিটি খাত যাচাই করা প্রয়োজন। পাশাপাশি ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মিটার পরীক্ষা ও বিল পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে কি না, সেটিও এখন দেখার বিষয়।

(পিএস/এসপি/নভেম্বর ২০, ২০২৬)

পাঠকের মতামত:

২০ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test