E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অংশ নিচ্ছেন ১০ দেশের বিশেষজ্ঞরা 

সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন

২০২৬ নভেম্বর ২৩ ১৮:৩৮:৫১
সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি : প্রকৃতিক পরিচ্ছন্নতাকর্মী শকুন এখন আর গ্রামাঞ্চলে অহরহ দেখা মিলছেনা। নিরাপদ আবাসস্থল ও খাদ্য সংকটসহ নানা কারণে গত তিন দশক ধরে বিশেষ করে বাংলদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আশঙ্কাজনকহারে কমতে থাকে শকুনের সংখ্যা। পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাখিটি এখন মহাবিপন্ন প্রজাতির তালিকায়। এতে উদ্বেগ বাড়ছে পরিবেশবিদ ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মীদের মধ্যে। তাই এই বিপন্ন পাখির অস্তিত্ব রক্ষা, বংশবৃদ্ধি ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে এবার সুন্দরবনে জাহাজে বসছে শকুন সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।

২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সুন্দরবনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী হবে এই সম্মেলন। আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ড লাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ বনবিভাগ সুন্দরবনে এবার জাহাজে এই সম্মেলেনের আয়োজন করেছে। তিন দিনব্যপী এই বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানম। বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকার ও বন বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সুন্দরবন বিভাগ ও আইইউসিএন এতথ্য নিশ্চিত করে আরও জানায়, তিন দিনব্যাপী এই সম্মেলন বাংলাদেশ সরকারে প্রতিনিধিসহ বিশ্বের ১০টি দেশের ৩০ জন বিশেষজ্ঞ, গবেষক ও সংরক্ষণকর্মী অংশ গ্রহন করবে। অন্য দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, কানাডা ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার, ও কম্বোডিয়া। এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধে কাজ করা আন্তর্জাতিক জোট ‘সেভ’ এর বার্ষিক এই সম্মেলন এবারই প্রথম সুন্দরবনে জাহাজে আয়োজন করা হয়েছে। এতে শকুনের বর্তমান অবস্থা, মৃত্যুর কারণ, সংরক্ষণ উদ্যোগ, গবেষণা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি শকুন সংরক্ষণে অংশগ্রহনকারী দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদার করাই এ আয়োজনের উদ্দেশ্য।
আইইউসিএনের প্রোগ্রাম ম্যানেজার সারওয়ার আলম দিপু জানান, ২০২৩ সালে বন বিভাগ ও আইইউসিএন এর যৌথ শুমারিতে বাংলাদেশে ২৬৭টি শকুনের অস্তিত্ব পাওয়া যায়।

আইইউসিএনের সর্বশেষ তথ্যানুযায়ী দেশে বর্তমানে শকুনের সংখ্যা ২৪৮টি। সুন্দরবনের ঢাংমারী, ঘাগড়ামারী, লাউডোবসহ সুন্দরবনের বিভিন্ন স্থান এবং সিলেট অঞ্চলে মেলে এসব শকুনের দেখা মিলেছে। চার থেকে পাঁচ দশক আগেও দেশে শকুনের সংখ্যা ছিলো প্রায় ৫০ হাজার। এশিয়া মহাদেশে শকুনের বিলুপ্ত প্রতিরোধ ও শকুনের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় ‘এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ জোট’ (সেভ) নামের সংস্থাটির। এই সংস্থাটি বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ ও সংখ্যা পুনরুদ্ধারে কাজ করছে।

মহাবিপন্ন পাখি শকুনের বিলুপ্তি ঠেকাতে এশিয়া অঞ্চলে ‘সেভ’ ২০১১ সাল থেকে কাজ করছে। ২০১৪ ও ২০১৭ সালে বাংলাদেশে এবং ২০২৫ সালে কম্বোডিয়ায় সংস্থাটির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল। এবছর এই প্রথম বাংলাদেশের সুন্দরবনে জাহাজে বসে আজ মঙ্গলবার থেকে তিন দিনের ‘সেভ’ এর বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। সভায় বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া, ইংল্যান্ড, আমেরিকা, সিঙ্গাপুর ও কানাডার ৩০ জন প্রাণী গবেষক ও সরকারের প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সভায় এশিয়ায় শকুন সংরক্ষণের অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। এই সম্মেলনে বিশেষ করে শকুনের জন্য ক্ষতিকর ভেটেরিনারি ওষুধ নিয়ন্ত্রণ, শকুন নিরাপদ অঞ্চল গড়ে তোলা, নিরাপদ খাদ্য সরবরাহ, চিকিৎসা, শকুনের সংখ্যা পর্যবেক্ষণ, কৃত্রিম প্রজনন, প্রকৃতিতে অবমুক্তকরণ এবং আন্তদেশীয় সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে।

বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ বলেন, ‘সেভিং এশিয়া’স ভলচার্স ফ্রম এক্সটিংশন (সেভ) শকুন রক্ষায় কার্যকর ভূমিকা পালন করছে। সংস্থাটির আন্তর্জাতিক বার্ষিক সভা এই প্রথমবার এবছর সুন্দরবনে অনুষ্ঠিত হচ্ছে। সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনকে শকুন সংরক্ষণে বাংলাদেশের উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের একত্র করে সংরক্ষণের অভিজ্ঞতা, গবেষণা ও প্রযুক্তিগত কৌশল বিনিময়ের মাধ্যমে বিপন্ন শকুনের সংখ্যা পুনরুদ্ধারে তৈরি হবে নতুন সম্ভাবনা।

(এস/এসপি/নভেম্বর ২৩, ২০২৬)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test