E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫

২০২৬ নভেম্বর ২৪ ১৮:১৭:২৩
ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহতদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাদিয়া ফেরদৌস জানান, গুলিবিদ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের প্রত্যেকের পায়ে গুলি লেগেছে। গুলিগুলো শরীরের অনেক গভীরে থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তা অপসারণ করা সম্ভব হয়নি। আহতদের অবস্থা বিবেচনায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এসকেকে/এএস/নভেম্বর ২৪, ২০২৬)









পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test