E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া

২০২৬ নভেম্বর ২৪ ১৮:২২:২৯
পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া

রাজন্য রুহানি, জামালপুর : বাবা-মা হারানোর পর অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করে নিয়েছেন আপন চাচা। শুধু জমি দখলই নয়, বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগও তুলেছেন ভুক্তভোগী। এমন পরিস্থিতিতে স্ত্রী-সন্তান নিয়ে নিজের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন খোকন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জামালপুর সদর উপজেলার ছোনটিয়া গোপীনাথপুর এলাকায় নিজ বাড়ির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন একরামুল হক খোকন। এ সময় তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিনও ঘটনার বর্ণনা দিয়ে প্রশাসনের কাছে বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে একরামুল হক খোকন বলেন, তাঁর বাবা এনামুল হক দুলাল মারা যান যখন তাঁর বয়স মাত্র নয় মাস। মাও মারা গেছেন। তাঁর দাদা-দাদির দুই ছেলে ছিলেন, একজন তাঁর বাবা এবং অন্যজন চাচা খায়রুল আলম বাবলু। দাদা-দাদির ভরণপোষণের দায়িত্বও চাচা পালন করেননি বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে বাবা-মা ও ভাইবোনহীন অসহায় অবস্থার সুযোগ নিয়ে চাচা তাঁর পৈত্রিক সম্পত্তি দখল করে নিচ্ছেন।

খোকনের অভিযোগ, দীর্ঘদিন ধরে চাচা খায়রুল আলম বাবলুর সঙ্গে তাঁদের জমিজমা নিয়ে বিরোধ চলছে। এর জেরে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। একপর্যায়ে তাঁকে মারধর করে মাথায় আঘাত করা হয়। বাড়িঘর থেকে বের করে দেওয়া হয় এবং ঘরের তালা ভেঙে মালামাল লুটপাট করা হয়। বর্তমানে নিজের বাড়িতে প্রবেশেরও কোনো সুযোগ নেই বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, পৈত্রিক সম্পত্তি নিজেদের দখলে নিতে বিভিন্ন নামে-বেনামে জাল দলিল তৈরি, অবৈধভাবে নামজারি এবং জমি বিক্রির চেষ্টা চলছে। তাঁর বাড়ির পাশাপাশি কৃষিজমিও দখল করা হচ্ছে। জামালপুর শহরের জালালপুর এলাকার বাড়ি ও জমিও দখল করে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর।

খোকন জানান, এসব ঘটনায় ইউনিয়ন পরিষদ, জেলা প্রশাসকের কার্যালয়, থানা, মানবাধিকার কমিশনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে বহুবার সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। তাঁর ভাষ্য, এ বিষয়ে প্রায় শতাধিকবার সমঝোতার চেষ্টা করা হলেও অভিযুক্ত ব্যক্তি কোনো সিদ্ধান্ত মেনে নেননি। মারধরের ঘটনায় থানায় মামলাও রয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে খোকনের স্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, তাঁর স্বামীর ছোটবেলা থেকেই বাবা-মা নেই। এই অসহায়ত্বের সুযোগ নিয়ে তাঁদের ওপর নানা ধরনের নির্যাতন চালানো হচ্ছে। তাঁর স্বামীকে মারধর করা হয়েছে এবং প্রায়ই বাড়িতে এসে ভয়ভীতি দেখানো হয়। কিছুদিন আগে তাঁরা বাড়িতে না থাকার সুযোগে ঘরের পাঁচটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মালামাল বের করতে বাধা দেওয়া হয়। এমনকি একটি খড়িও বের করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

সাবিনা আরও বলেন, তাঁদের ঘরের সামনে নিজেদের ইচ্ছেমতো দেয়াল নির্মাণ করা হয়েছে এবং ঘরে প্রবেশের গেট পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁরা নিজেদের বাড়িতে স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারছেন না। স্ত্রী-সন্তান নিয়ে চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা।

একরামুল হক খোকন জানান, তাঁর চাচা খায়রুল আলম বাবলু নুরুন্দি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। চাচার প্রভাব ও সংঘবদ্ধ লোকজনের কারণে তিনি প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার তাদের প্রায় ২০০ শতাংশ পৈত্রিক সম্পত্তি উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি হামলা, মারধর, লুটপাট ও হুমকির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

(আরআর/এএস/নভেম্বর ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test