E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেপ্তার

২০২৬ নভেম্বর ২৬ ১৭:১৯:৫৯
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেপ্তার

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মোহম্মদ ইশতিয়াক আরিফকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তারের পর তাকে রমনা থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে সংগঠনটির একাধিক দায়িত্বশীল নেতার সূত্রে জানা গেছে।

তবে, ইশতিয়াক আরিফকে ঢাকা থেকে গ্রেপ্তারের বিষয়ে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত ফরিদপুরের পুলিশের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। জেলা পুলিশের কয়েকটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন, আরিফকে গ্রেপ্তারের বিষয়টি তারা জানেন না। জেনে জানাতে পারবেন জানিয়ে এ সূত্রটি আরও জানায়, কার্যক্রম নিষিদ্ধ পলাতক এ নেতার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা করে আসছে ফরিদপুরের জেলা পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সূত্রটি আরও জানায়, আওয়ামী লীগ নেতা ইশতিয়াক আরিফকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হলে বা তাঁকে ফরিদপুর জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হলে- কিছু প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়টি স্থানীয় গণমাধ্যমকে অবগত করা হবে।

উল্লেখ করা যেতে পারে, গত এক বছরেরও বেশি সময় যাবত কারাগারে আছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেন। ফরিদপুর জেলা জুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের বহু নেতা কর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে ও পলাতক অবস্থায় রয়েছে।

(আরআর/এসপি/নভেম্বর ২৬, ২০২৬)

পাঠকের মতামত:

২৬ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test