E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় স্ত্রীকে যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতন

মাগুরা বিচারিক আদালতের কর্মচারী সাইফুল শেখের ২ বছর সশ্রম কারাদণ্ড

২০২৬ নভেম্বর ২৬ ১৭:২১:৪৮
মাগুরা বিচারিক আদালতের কর্মচারী সাইফুল শেখের ২ বছর সশ্রম কারাদণ্ড

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করে সাইফুল শেখ নামের এক চতুর্থ শ্রেণীর কর্মচারির দুই বছর সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা ,অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ জাকারিয়া হোসেন এ রায় দেন। রায় প্রদানকালে সাইফুল শেখ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামী সাইফুল শেখ মাগুরা জেলা সদরের নানদুয়ালী গ্রামের আব্দুল মোমিন শেখের ছেলে ও বর্তমানে মাগুরা জেলার বিচারিক আদালতের চতুর্থ শ্রেণীর কর্মচারি হিসেবে কর্মরত।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৭ জুলাই সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়ার আব্দুল করিম চঞ্চলের মেয়ে সাদিয়া সারমিন মুন্নীর সাথে মাগুরা জেলা সদরের নান দুয়ালী গ্রামের আব্দুল মোমিন শেখ এর ছেলে ও সাতক্ষীরা জেলা জজ আদালতের চতুর্থ শ্রেণীর কর্মচারি সাইফুল শেখ এর ৭৫ হাজার এক টাকা কাবিনে বিয়ে হয়। বিয়ের সময় সাইফুলকে যৌতুক হিসেবে নগদ দুই লাখ টাকা ও ৩১ হাজার টাকা মূল্যের দুটি সোনার আংটি দেওয়া হয়। পরবর্তীতে লাইচা ইসলাম নামে তাদের এক সন্তান হয়। এরপর বাবা ও মায়ের পরামর্শে নতুন করে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে সাইফুল তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। একপর্যায়ে ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর মুন্নীকে নির্যাতন করে যৌতুকের টাকা আনার জন্য সন্তানসহ তাড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে সে বাপের বাড়ি সাতক্ষীরায় অবস্থান করতে থাকে।

দীর্ঘাদন সাইফুল তার স্ত্রীর খোঁজ খবর না নেওয়ায় মুন্নীর বাবা জামাতার বাড়িতে এসে পরিবারের সকলকে ওই বছরের ২০ অক্টোবর তাদের বাসায় দাওয়াত দিয়ে আসেন। ওইদিন সাইফুল, তার বাবা আব্দুল মোমিন শেখ ও মা ছিয়ারুল বেগম সাতক্ষীরায় আসেন। আব্দুল করিম চঞ্চলের বাড়িতে দুপুরে খাওয়ার পর বিশ্রাম নেওয়ার একপর্যায়ে বিকেল তিনটার দিকে তারা মুন্নীকে পাশের ঘরে ডেকে দুই লাখ টাকা যৌতুকের কথা বলে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় সাইফুল তার স্ত্রীকে মেহগনি কাঠ দিয়ে মারপিটের পর বাবা ও মায়ের সহযোগিতায় তার গলায় ওড়না পেচিয়ে হত্যার চেষ্টা করে কাউকে না জানিয়ে চলে যান। একপর্যায়ে মুন্নীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই বছরের ২৩ অক্টোবর মুন্নী বাদী হয়ে তার স্বামী, শ্বশুর ও শাশুড়ির নাম উল্লেখ করে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক)(গ)/৩০ ধারায় পিটিশন ৩৭১/১৭ (সাতঃ) মামলা দায়ের করেন।

বিচারক মামলাটি এজাহার হিসেবে গণ্য করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। ২০১৭ সালের ১৮ নভেম্বর সদর থানায় ওই মামলা(৪১ নং) রেকর্ড করা হয়। ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর সাইফুল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক রশিদুজ্জামান ২০১৮ সালের ২৭ জানুয়ারি এজাহারভুক্ত তিন পলাতক আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় আদালতে অভিযোগপত্র দায়ের করেন।

মামলার নথি ও সাক্ষীদের জেরা ও জবানবন্দি পর্যালোচনা শেষে আসামী সাইফুল শেখের বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রী সাদিয়া সারমিন মুন্নীকে নির্যাতনের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক মোঃ জাকারিয়া হোসেন গত ১০ নভেম্বর তাকে দুই বছর সশ্রম কারাদ-, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদ-দেশ দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার বাবা আব্দুল মোমিন শেখ ও মা ছিয়ারুল বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি কামরুজ্জামান ভুট্টো ও অ্যাড. আব্দুল মজিদ।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হুদা জানান, সাজাপ্রাপ্ত সাইফুল শেখকে কারাগারে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/নভেম্বর ২৬, ২০২৬)

পাঠকের মতামত:

২৬ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test