E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইউরেনিয়ামের নবম চালান পৌঁছাল রূপপুরে, বাকি ১২ অ্যাসেম্বলি

২০২৬ নভেম্বর ২৭ ১২:৪৫:১৩
ইউরেনিয়ামের নবম চালান পৌঁছাল রূপপুরে, বাকি ১২ অ্যাসেম্বলি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানির নবম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।

এ নিয়ে কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত মোট নয়টি চালানের জ্বালানি দেশে পৌঁছাল। তবে দুটি চালানে নির্ধারিত পরিমাণের চেয়ে ১২টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি কম এসেছে। অবশিষ্ট এই ১২টি অ্যাসেম্বলি পৌঁছানোর মধ্য দিয়ে দ্বিতীয় ইউনিটের জন্য জ্বালানি পরিবহনের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম সম্পন্ন হবে।

জ্বালানি ব্যবস্থাপনার তত্ত্বাবধানের দায়িত্বে থাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রধান (প্রশাসন) মো. গোলাম মাহবুব জানান, দুটি ইউনিটের জন্য মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি আনা হয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি অতিরিক্ত চালান এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালান রয়েছে। তবে দুটি চালানে মোট ১২টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি কম এসেছে। অবশিষ্ট অ্যাসেম্বলিগুলো অতি শিগগিরই দেশে পৌঁছাবে বলে তিনি জানান।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল।

(এসকেকে/এএস/নভেম্বর ২৭, ২০২৬)








পাঠকের মতামত:

২৭ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test