E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৫০ হাজার টাকা ঋণ, পরিশোধ সাড়ে ৬ লাখ: তবুও জেলে জীবন, দুই সন্তান নিয়ে অসহায় পলি

২০২৬ নভেম্বর ২৭ ১৯:০২:৩৬
৫০ হাজার টাকা ঋণ, পরিশোধ সাড়ে ৬ লাখ: তবুও জেলে জীবন, দুই সন্তান নিয়ে অসহায় পলি

বিকাশ স্বর্ণকার, বগুড়া : মাত্র ৫০ হাজার টাকা ঋণ নিয়ে পর্যায়ক্রমে প্রায় সাড়ে ৬ লাখ টাকা পরিশোধ করার দাবি।তারপরও চেক ডিজঅনার মামলায় পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করছেন জীবন চন্দ্র মহন্ত। স্বামী কারাগারে,সংসারে আয়ের পথ বন্ধ। দুই সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপন করছেন স্ত্রী পলি রানী মহন্ত। বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাজারে দাদন ব্যবসার অভিযোগ ঘিরে এমন ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।

বৃহস্পতিবার (২৫শে নভেম্বর) সন্ধ্যার পর চাঁপাপুর বাজারের কড়িতলা এলাকায় মানতাশা এন্টারপ্রাইজ সুপার মার্কেটের একটি দোকানের সামনে জড়ো হয়ে অভিযুক্ত চাল ব্যবসায়ী সুমনের বিচার দাবিতে বিক্ষোভ করেন স্থানীয় নারী-পুরুষ। এ সময় ভুক্তভোগী পলি রানী মহন্তও উপস্থিত ছিলেন। বিক্ষুব্ধ লোকজন বিভিন্ন স্লোগান দিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান। তবে বিক্ষোভের সময় অভিযুক্ত সুমন দোকানে উপস্থিত ছিলেন না বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ, চাঁপাপুর বাজারের কড়িতলা এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে চাল ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে উচ্চ সুদে দাদন দেওয়ার ব্যবসা করে আসছেন সুমন মিয়া। সংসারের প্রয়োজনে ২০২২ সালে কাঞ্চনপুর গ্রামের মৃত শ্যামল মহন্তের ছেলে জীবন চন্দ্র মহন্ত তাঁর কাছ থেকে ব্যাংকের একটি ফাঁকা চেকের বিনিময়ে ৫০ হাজার টাকা ধার নেন। জীবনের স্ত্রী পলি রানী মহন্তের দাবি, ঋণ নেওয়ার পর থেকে বিভিন্ন সময়ে সুদ বাবদ সুমনকে প্রায় সাড়ে ৬ লাখ টাকা পরিশোধ করেছেন তাঁরা। কিন্তু সম্প্রতি দুই মাসের সুদের টাকা দিতে না পারায় মামলা করার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাঁদের দেওয়া ফাঁকা চেকে ইচ্ছেমতো টাকার অঙ্ক বসিয়ে চেক ডিজঅনার মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন পলি। ওই মামলায় আদালত জীবন চন্দ্র মহন্তকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। প্রায় এক মাস ধরে তিনি বগুড়া কারাগারে রয়েছেন বলে তাঁর পরিবার জানায়। স্বামী কারাগারে যাওয়ার পর দুই সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পলি রানী মহন্ত। অর্থাভাবে স্বামীর জামিনের ব্যবস্থাও করতে পারছেন না বলে জানান তিনি। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। গত ২৫শে নভেম্বর সন্ধ্যায় তাঁরা সুমনের দোকানের সামনে জড়ো হয়ে বিচার দাবি করেন। এ সময় বিক্ষুব্ধ লোকজনের উপস্থিতি টের পেয়ে দোকানের কর্মচারী জনি দোকানে তালা দিয়ে দ্রুত সেখান থেকে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর থেকে দোকানটি বন্ধ রয়েছে বলে এলাকাবাসী জানান।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে সুমন প্রভাব বিস্তার করে চলেছেন। তাঁকে বিভিন্ন রাজনৈতিক সমাবেশে দেখা যায় বলেও দাবি তাঁদের। তবে এসব অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

এলাকাবাসীর বক্তব্য, ঋণের টাকা পরিশোধের পরও একজন মানুষ কারাগারে থাকবেন আর তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে অসহায় জীবন কাটাবেন-এটি অত্যন্ত উদ্বেগজনক। তাঁরা জীবন মহন্তের ঋণ লেনদেন, পরিশোধিত অর্থের হিসাব, ফাঁকা চেকের ব্যবহার এবং চেক ডিজঅনার মামলার পুরো বিষয়টি নিরপেক্ষ ভাবে তদন্তের দাবি জানান। পাশাপাশি দাদন ব্যবসার নামে অসহায় মানুষকে আর্থিকভাবে শোষণ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে প্রশাসনের কার্যকর নজরদারি চান।

ভুক্তভোগী পলি রানী মহন্ত বলেন, টাকার অভাবে স্বামীর জামিন করাতে পারছেন না। স্বামীর বিরুদ্ধে করা মামলার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার ও অভিযোগের প্রতিকার চেয়ে প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এদিকে এলাকাবাসীর দাবি, দাদন ব্যবসার নামে অসহায় মানুষের সর্বস্ব কেড়ে নেওয়ার অভিযোগ বন্ধে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। ঋণ লেনদেনের নামে হয়রানি, ফাঁকা চেকের অপব্যবহার কিংবা উচ্চ সুদের ফাঁদে মানুষকে নিঃস্ব করার অভিযোগ থাকলে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তাঁদের মতে, শুধু এই ঘটনাই নয়, গ্রামাঞ্চলে দাদন ব্যবসার বিস্তার ঠেকাতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও জনসচেতনতা মূলক পদক্ষেপ জরুরি।

(বিএস/এসপি/নভেম্বর ২৭, ২০২৬)

পাঠকের মতামত:

২৭ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test