E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাটমোহরে বালুবাহী ট্রাকচাপায় প্রাণ গেল দুইজনের

২০২৬ নভেম্বর ২৯ ১৭:৩৩:৪৯
চাটমোহরে বালুবাহী ট্রাকচাপায় প্রাণ গেল দুইজনের

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে বালুবাহী ট্রাকের সঙ্গে কৃষিপণ্য বোঝাই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচাপায় অটোভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।

আজ রবিবার ভোরের দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অটোভ্যান চালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে কৃষক নজরুল হোসেন (৭০)।

এই ঘটনায় আহতরা হলেন, মহেলা গ্রামের নজরুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৪০) এবং শুকুরভাঙ্গা গ্রামের আজগার আলীর ছেলে মোজাম আলী (৪৫)। তাদের উন্নত চিকিৎসার জন্য পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ রবিবার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা বড় হাট। আব্দুল মমিনের অটোভ্যানযোগে সেই হাটে যাচ্ছিলেন কৃষক নজরুল সহ কয়েকজন। পথিমধ্যে সকাল ৬টার দিকে ভাদড়া বাইপাস মোড়ে দ্রুতগতির বালু বোঝাই একটি ট্রাক অটোভ্যানকে চাপা দেয়। এসময় অটোভান চালকসহ ঘটনাস্থলেই দুইজন মারা যান।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, ট্রাক চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে গেছে। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসএইচ/এসপি/নভেম্বর ২৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৯ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test