E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত

২০২৬ নভেম্বর ২৯ ১৮:১১:৪৮
সাতক্ষীরায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো. খোকন সরদার (৬০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. আব্দুল কুদ্দুস সরদার নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার সকালে উপজেলার মির্জাপুর এলাকার বালিরগাদা মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত খোকন সরদার ও আহত আব্দুল কুদ্দুস সরদার দুজনই তেঁতুলিয়া নওয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় গরু ব্যবসায়ী। তাৎক্ষণিকভাবে তাঁদের পিতার নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে খোকন সরদার ও আব্দুল কুদ্দুস সরদার মোটরসাইকেল যোগে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ধরে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে তাঁরা মির্জাপুর বাজার অতিক্রম করে বালিরগাদা মোড়ে পৌঁছালে খুলনা দিক থেকে আসা বেপরোয়া গতির একটি অ্যাম্বুলেন্স তাঁদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান খোকন সরদার। গুরুতর আহত হন সহযাত্রী আব্দুল কুদ্দুস সরদার। প্রত্যক্ষদর্শীরা দ্রুত এগিয়ে এসে আহত আব্দুল কুদ্দুস সরদারকে উদ্ধার করেন এবং উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, আমি মিটিংয়ে আছি তবে“সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া যানবাহনটি শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এদিকে, এলাকার পরিচিত ও কর্মঠ গরু ব্যবসায়ী খোকন সরদারের এমন আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও তেঁতুলিয়া নওয়াপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মহাসড়কে বেপরোয়া গতির যানবাহন নিয়ন্ত্রণ এবং দ্রুত ঘাতক অ্যাম্বুলেন্স ও এর চালককে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

(আরকে/এসপি/নভেম্বর ২৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৯ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test