E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জাতিসংঘের অধিবেশনে নাটোরের মিল্টন কস্তা’র ২ মিনিটের বক্তব্য 

বাংলাদেশের খ্রিস্টান সংখ্যালঘুদের অধিকার ও সুরক্ষায় জাতিসংঘকে নজর দেওয়ার আহ্বান

২০২৬ নভেম্বর ২৯ ১৯:০৭:১০
বাংলাদেশের খ্রিস্টান সংখ্যালঘুদের অধিকার ও সুরক্ষায় জাতিসংঘকে নজর দেওয়ার আহ্বান

অমর ডি কস্তা, নাটোর : বাংলাদেশের খ্রিস্টান সংখ্যালঘুদের অধিকার ও সুরক্ষায় জাতিসংঘকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন ইউরোপ (BCAE)। ২৮ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের সংখ্যালঘুবিষয়ক ফোরামের ১৯তম অধিবেশনে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন ইউরোপ-এর চার সদস্যের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। প্রতিনিধিদলের সদস্যরা হলেন, মিল্টন কস্তা (সভাপতি), সুচিত্রা তেরেজা রোজারিও (সাধারণ সম্পাদক), জ্যাকলিন পালমা (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক) এবং রিকি রোজারিও (সহকারী ক্রীড়া সম্পাদক)। সভাপতি মিল্টন কস্তা ও সাধারণ সম্পাদক সুচিত্রা তেরেজা রোজারিও যথাক্রমে নাটোরের বড়াইগ্রামের জোনাইল ও বনপাড়া খ্রিস্টান ধর্মপল্লীর বাসিন্দা।

জাতিসংঘের সংখ্যালঘুবিষয়ক ফোরাম (UN Forum on Minority Issues)-এর তৃতীয় প্যানেল অধিবেশনে সংগঠনের সভাপতি মিল্টন কস্তা দুই মিনিটের বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বাংলাদেশের খ্রিস্টান সংখ্যালঘুদের অধিকার ও সুরক্ষার বিষয়টি তুলে ধরে তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করেন।

প্রথমত: দক্ষিণ এশিয়ার নাগরিক সমাজ, সংখ্যালঘু প্রতিনিধি ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতায় স্বাধীন পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করা এবং তথ্য যাচাই, ভুক্তভোগীদের পরিচয় সুরক্ষা ও তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ নিশ্চিত করা।

দ্বিতীয়ত: বাংলাদেশে সংখ্যালঘুদের জন্য কার্যকর প্রতিকার নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্ত, প্রমাণভিত্তিক বিচারিক ব্যবস্থা, আইনি সহায়তা, সাক্ষী সুরক্ষা এবং বেআইনিভাবে দখলকৃত সম্পত্তি ফেরত প্রদান বা ক্ষতিপূরণের ব্যবস্থা করা।

তৃতীয়ত: তথ্যপ্রমাণ ও আইনি অভিজ্ঞতা বিনিময়, আগাম সতর্কতাব্যবস্থা গড়ে তোলা এবং সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণে নাগরিক সমাজের আঞ্চলিক নেটওয়ার্ককে সহায়তা করা। পাশাপাশি খ্রিস্টান নারী, তরুণ ও আদিবাসী সম্প্রদায়ের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা।

জাতিসংঘের এই আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন ইউরোপের অংশগ্রহণ বাংলাদেশের খ্রিস্টান সংখ্যালঘুদের অধিকার ও সুরক্ষার বিষয়টি বিশ্বদরবারে তুলে ধরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন বাংলাদেশের খ্রিস্টান নেতৃবৃন্দ ও সুশীল সমাজ।

সংগঠনটির সাধারণ সম্পাদক সুচিত্রা তেরেজা রোজারিও জানান, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন ইউরোপ সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবাধিকার, সংখ্যালঘুদের সুরক্ষা এবং একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

(এডিকে/এসপি/নভেম্বর ২৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৯ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test