E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ব্যবসায়ীরা দেশ থেকে টাকা কামিয়ে বিদেশে পাচার করছেন’

২০২১ ডিসেম্বর ১১ ১১:৫২:৫৪
‘ব্যবসায়ীরা দেশ থেকে টাকা কামিয়ে বিদেশে পাচার করছেন’

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের ছেলেরা বিদেশে গিয়ে কষ্টার্জিত টাকা দেশে পাঠিয়ে অর্থনীতির মেরুদণ্ড শক্ত রাখছে। অথচ ব্যবসায়ীরা নিজ দেশ থেকে টাকা কামিয়ে বিদেশে পাচার করছেন। বিদেশে আলিশান বাড়ি করছেন। এসব বিষয়ে সরকারের কোনো নজরদারি নেই।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে পুরান ঢাকার লালবাগের আমলীগোলা মাঠে শীতার্তদের মধ্যে মাসব্যাপী কম্বল বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, যাদের টাকায় এদেশের সাধারণ মানুষ ও পরিবারগুলো সচ্ছল জীবন-যাপন করছে, তাদের বিমানবন্দরে টানাহেঁচড়া করা হয়। ব্যাগ-টাকা ছিনিয়ে নেওয়া হয়। এই দায়ভার সরকারকে নিতে হবে।

তিনি আরও বলেন, যানজট আর অব্যবস্থাপনার কারণে জনজীবন আজ স্তব্ধ হয়ে রয়েছে। বলা হচ্ছে- মেট্রোরেল, ফ্লাইওভার নির্মাণ-উদ্বোধন হচ্ছে। সেখানেও দুর্নীতি হচ্ছে। সময়মতো কাজ শেষ করছে না। বরং ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন। বক্তব্য রাখেন- পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, আলমগীর সিকদার লোটন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহাজাদা প্রমুখ।

(ওএস/এএস/ডিসেম্বর ১১, ২০২১)

পাঠকের মতামত:

১১ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test