E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য অবমাননাকর

২০২১ ডিসেম্বর ১৩ ১৪:১৬:৫২
মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য অবমাননাকর

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপকে জাতির জন্য ‘অবমাননাকর, লজ্জা, উৎকণ্ঠা ও উদ্বেগের বিষয়’ বলে মন্তব্য করেছন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের দায়ে মার্কিন নিষেধাজ্ঞায় অভিযুক্ত ব্যক্তিদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে একটি ‘স্বাধীন তদন্ত কমিশন’ গঠন করে অভিযোগের সত্যতা যাচাই করা সরকারের দায়িত্ব।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার (১৩ ডিসেম্বর) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাপ আয়োজিত আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন ন্যাপ মহাসচিব।

গোলাম মোস্তফা ভুইয়া বলেন, যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞাকে বাংলাদেশের জন্য নজিরবিহীন ও চরম অবমাননাকর। “বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটে না' সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এ ধরনের বক্তব্য দায় এড়ানোর কৌশল গ্রহণযোগ্য নয়। এভাবে বক্তব্য দিয়ে সরকার ব্যর্থতার দায় এড়াতে পারে না। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ ব্যাখ্যা জাতি প্রত্যাশা করে।

ন্যাপ মহাসচিব বলেন, স্বাধীনতাবিরোধী চক্র বুঝতে পেরেছিল, পরাজয় তাদের অনিবার্য। তাই পরিকল্পিতভাবে জাতিকে মেধাহীন ও পঙ্গু করতে দেশের বরেণ্য সব ব্যক্তিদের রাতের অন্ধকারে পৈশাচিক কায়দায় হত্যা করে। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে। তাই সূর্য সন্তানদের জাতি সবসময়ই স্মরণ করবে।

তিনি বলেন, আন্দোলনের নেতৃত্বে থাকতেন সমাজের সর্বস্তরের বুদ্ধিজীবীরা। তারা সামাজিক ও সাংস্কৃতিকভাবে বাঙালিদের বাঙালি জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতেন। তাদের সাংস্কৃতিক আন্দোলনই পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনের দিকে ধাবিত করে। এজন্য শুরু থেকেই বুদ্ধিজীবীরা পাকিস্তানের সামরিক শাসকদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ লেবার পার্টি মহাসচিব আবদুল্লাহ আল মামুন, ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, জাতীয় নারী আন্দোলন সমন্বয়কারী মিতা রহমান, জাতীয় জনতা ফোরাম আহ্বায়ক মুহম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার প্রমুখ।

(ওএস/এএস/ডিসেম্বর ১৩, ২০২১)

পাঠকের মতামত:

১১ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test