E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আ’লীগ ভিন্নমত দমনে সন্ত্রাসের আশ্রয় নিয়েছে

২০২২ মে ০৮ ১৩:৪৩:৪৫
আ’লীগ ভিন্নমত দমনে সন্ত্রাসের আশ্রয় নিয়েছে

স্টাফ রিপোর্টার : ক্ষমতাসীন আওয়ামী লীগ ভিন্নমত দমনে সন্ত্রাসের আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার ওপর হামলা মানে স্থায়ী কমিটির ওপর হামলা এবং দলের ওপর হামলা। এই হামলার মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।

রবিবার (৮ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে শনিবার (৭ মে) কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের পাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিএনপি মহাসচিব বলেন, এই অনির্বাচিত সরকার তাদের ক্ষমতাকে আবারও কুক্ষিগত করার জন্য এখন থেকেই সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। এমনকি তারা ভিন্ন দল, ভিন্নমত দমন করার জন্য চরম সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। এর মধ্য দিয়ে তারা স্বৈরাচারী ও ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরি করতে চায়।

আওয়ামী লীগ কথা দিয়ে তা রাখে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, তারা যেসব কথা বলে সেসব কথা কোনোদিন রাখে না। এটা হচ্ছে তাদের চরিত্র।

সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি অমানবিক এবং এর মূল কারণ হচ্ছে সরকার অমানবিক-দুর্নীতিবাজ। সরকার জনগণের ওপর ভয়াবহ অত্যাচার চালাচ্ছে, এক লাফে ৩৮ টাকা দাম বাড়ানো হয়েছে। টিসিবি ১১০ টাকায় বিক্রি করলেও খোলাবাজারে ২২০ টাকায় পাওয়া যাচ্ছে না।

বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। আমরা আগেও বলেছি আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, যোগ করেন মির্জা ফখরুল।

(ওএস/এএস/মে ০৮, ২০২২)

পাঠকের মতামত:

২৩ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test