E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিএনপির কাছে বাজেট উচ্চাবিলাসীই মনে হবে : দীপু মনি

২০২২ জুন ১০ ২২:৫৫:১৩
বিএনপির কাছে বাজেট উচ্চাবিলাসীই মনে হবে : দীপু মনি

তপু ঘোষাল, সাভার : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপির সময়ে সারাদেশে যে বাজেট ছিল, শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট এখন তার চেয়ে অনেক বেশি। তাই তাদের কাছে বাজেট এখন উচ্চাবিলাসীই মনে হবে।

শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় ঢাকা জেলার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে ওস্তাদ লিও জে. বাড়ৈ স্মৃতিপদক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, তারা (বিএনপি) তো কোনো কাজ করেনি। আর করতে পারেনি বলেই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ সরকার পারে, শেখ হাসিনা পারেন। আর পারেন বলেই অর্থনৈতিকভাবে শুধু নয়, সমস্ত দিক থেকে আজকে বাংলাদেশ মর্যাদাপূর্ণ স্থানে এসে পৌঁছেছে। আজকের এই বাজেট সেই সক্ষমতার একটি প্রমাণ।

বর্তমান সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না- বিএনপির এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, এ রকম কথা তারা প্রায়ই বলে। তাতে তো কোনো যায় আসে না। দেশে আইন আছে, সংবিধান আছে। সেই অনুযায়ী যথাযথভাবে মানুষের ইচ্ছা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে দেশের সকল দল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে- এটা আমরা প্রত্যাশা করি।

এর আগে নুরুল ইসলাম রানা পরিচালিত ওস্তাদ লিউ জে. বাড়ৈ স্মরণে নির্মিত প্রামাণ্যচিত্র আলোর দিশারী ওস্তাদ লিউ জে. বাড়ৈর প্রদর্শনী, ওস্তাদ লিউ জে. বাড়ৈর লেখা সঙ্গীতাঞ্জলি বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সব শেষে ওস্তাদ লিউ জে. বাড়ৈর সঙ্গীত চর্চাসহ এই সঙ্গীতে অবদান রাখায় চারজনকে পদক প্রদান করা হয়।

পদকপ্রাপ্তরা হলেন- বিশিষ্ট গুণীজন ওস্তাদ করিম শাহাবুদ্দিন (সংগীতশিল্পী), আব্দুল কাদের তালুকদার (সাংস্কৃতিক ব্যক্তিত্ব), পারভিন ইসলাম (সাংস্কৃতিক ব্যক্তিত্ব) ও অনিমা মুক্তি গোমেজ (সংগীতশিল্পী)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান জনবন্ধু ফখরুল আলম সমর, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. লীনা তাপসী খান প্রমুখ।

(টিজি/এসপি/জুন ১০, ২০২২)

পাঠকের মতামত:

২৮ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test