E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

১৮ জুন ১৪ দলের বিক্ষোভ সমাবেশ

২০২২ জুন ১২ ১২:০৭:১৯
১৮ জুন ১৪ দলের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য ও হত্যার হুমকির প্রতিবাদে আগামী ১৮ জুন বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

শনিবার (১১ জুন) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের এক সভায় নেতারা এ কর্মসূচি ঘোষণা দেন। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। সভায় দেশে বিরাজমান আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

সভার শুরুতে একটি জনকল্যাণকর বাজেট উপহার দেওয়ায় ১৪ দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব ও সময়োপযোগী কর্মপরিকল্পনার অনন্য দলিল হিসেবে অভিহিত করা হয়। একই সঙ্গে বিএনপি নেতাদের লাগাতার মিথ্যাচার, অপপ্রচার, গুজব সৃষ্টি ও শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য ও হত্যার হুমকির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করা হয়।

এছাড়া নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতুর কাজ সম্পন্ন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। আলোচনায় অংশ নিয়ে ১৪ দলের নেতারা আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সারাদেশে আনন্দ উৎসব আয়োজনের প্রস্তাব করেন।

সভায় ১৪ দলের নেতারা বৈশ্বিক মহামারি করোনার অভিঘাতে সৃষ্ট সংকট মোকাবিলায় শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। করোনা সংকটের পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতা অব্যাহত রাখতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন।

একই সঙ্গে সভা থেকে আন্তর্জাতিক বাজারের বিরূপ পরিস্থিতিকে কাজে লাগিয়ে কোনো অসাধু মহল যেন ফায়দা লুটতে না পারে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় এবং দেশবিরোধী অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, ডা. শাহাদাৎ হোসেন, মীর আকতার হোসেন, কামরুল আহসান, আবুল হোসাইন, এজাজ আহম্মেদ মুক্তা, রেজাউর রশীদ খান, অ্যাডভোকেট এস কে সিকদার প্রমুখ।

(ওএস/এএস/জুন ১২, ২০২২)

পাঠকের মতামত:

২৮ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test