E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘দেশে আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হবে না’

২০২৫ মে ১৭ ১৮:৪৩:৩৬
‘দেশে আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হবে না’

ঈশ্বরদী প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশে আর কোনোদিন আওয়ামী লীগের ধাঁচে নির্বাচন হবে না। 

আজ শনিবার দুপুরে পাবনার সুজানগর কমিউনিটি সেন্টারে পাবনা-২ আসনের (সুজানগর ও বেড়ার অংশবিশেষ) কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কোনো কোনো দল মনে করছেন তারা ক্ষমতায় এসে আওয়ামী স্টাইলে নির্বাচন করবেন। কিন্তু আমরা বলতে চাই, বাংলাদেশে এটা আর হবে না ইনশাআল্লাহ।

জামায়াতে সহকারী সেক্রেটারি জেনারেল আরও বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। ইউনুস সরকার নির্বাচনের যে রোডম্যাপ দিয়েছেন, সেই ডেডলাইন অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে হবে। তা না হলে এই সরকারকে আর কেউ বিশ্বাস করবে না।

শান্তিপূর্ণ পরিবেশে রাজনীতি করতে চাইলেও কিছু মহল তা বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেন জামায়াত নেতা। তিনি বলেন, কেউ কেউ ভাবছেন, আওয়ামী লীগ চলে যাওয়ায় তারা দেশের মালিক হয়ে গেছেন। সবাইকে মনে রাখতে হবে হাসিনার মতো নেত্রীকেও এই দেশের মানুষ বিদায় করেছে। আমাদেরকে কেউ চক্ষু রাঙিয়ে কথা বলার চেষ্টা করবেন না, আমরা কারো চক্ষু রাঙানিকে পরোয়া করি না।

সম্মেলনে সভাপতিত্ব করেন পাবনা-২ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন। আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল, নায়েবে আমির ও পাবনা-৫ আসনের প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসেন, পাবনা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমিন, পাবনা-৩ আসনের প্রার্থী মাওলানা আলী আজগর এবং জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খানসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের শীর্ষ নেতারা।

সম্মেলন শেষে রফিকুল ইসলাম খান পাবনার পাঁচটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। পরে তাদের নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়, যা সুজানগর কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

(এসকেকে/এসপি/মে ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test