E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি’

২০২৬ এপ্রিল ৩০ ১৪:০৫:৩৩
‘সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি’

স্টাফ রিপোর্টার : দেশের রাজনীতিতে ‘সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি’—এই সংস্কৃতির সমালোচনা করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক (এনসিপি) নাহিদ ইসলাম। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও সংসদে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ নিয়ে বিভাজন থাকা কাম্য নয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে নাহিদ এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নাহিদ ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষের রাজনীতি গত ৫০ বছর ধরে হয়েছে। আমরা এর সমাধান এখনো কেন করতে পারিনি।

এর দায়ভার কে নেবে? বিএনপি কি নেবে না, যারা ২৯ বছর জামায়াতের সঙ্গে রাজনীতি করেছে? একটা কথা তো এখন সবাই বলে—সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। ফলে এটার দায়িত্ব ছিল তো ওনাদের, এই রিকনসিলিয়েশন তৈরি করা, এই প্রশ্নের সুরাহা করা।


বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর স্বাধীনতার ৫৪-৫৫ বছরে জাতীয় সংসদে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ বলে ভাগ থাকবে—এটা তো আমরা প্রত্যাশা করি না। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একমত পোষণ করি যে—ইতিহাসের এই বিতর্ক আমাদের সমাধান করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। সব পক্ষকেই এটার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মুক্তিযুদ্ধ যেমন কোনো দেশের ষড়যন্ত্র না, আবার মুক্তিযুদ্ধের নাম করে এ দেশে যে লুটপাট, ফ্যাসিবাদ কায়েম হয়েছে সেটাও আমাদের ভোলা যাবে না।

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের ফাউন্ডেশন, এটা নিয়ে বিতর্কের সুযোগ নেই। তবে মুক্তিযুদ্ধের নামে যে লুটপাট ও ফ্যাসিবাদ কায়েম হয়েছে, তাও ভোলা যাবে না। জুলাই গণঅভ্যুত্থান ছিল মুক্তিযুদ্ধেরই নবায়ন। আমাদের উচিত ইতিহাসের এই বিতর্ক একপাশে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। মুক্তিযুদ্ধের নাম করে বা পক্ষ-বিপক্ষ কার্ড খেলে জনগণকে আর ভাগ করা যাবে না।’

(ওএস/এএস/এপ্রিল ৩০, ২০২৬)






পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test