E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘দেশে আর কোনো বৈষম্য থাকবে না’

২০২৬ মে ০৯ ০০:৩৪:০৫
‘দেশে আর কোনো বৈষম্য থাকবে না’

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমান সরকার দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চায়। দেশে কোনো মানুষ অসহায় থাকবে না এবং কোনো বৈষম্যও থাকবে না।

শুক্রবার (৮ মে) বিকেল ৫টায় নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আর্থিক অনুদান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ।

এ সময় জেলার সাত উপজেলার ৩৩০ জন দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

দুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠনের কার্যক্রম শুরু হয়েছে।

বিএনপি ক্ষমতায় এলে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং মানবিক কাজ করে। একটি সুন্দর ও বাসযোগ্য দেশ গড়তে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।
নারী-পুরুষ, ধনী-গরিব সবার সক্রিয় অংশগ্রহণ ছাড়া সুন্দর দেশ গঠন সম্ভব নয়।

তিনি আরও বলেন, গত ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের অত্যাচার, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতিত প্রতিটি নেতাকর্মীর পাশে বিএনপি দাঁড়াবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী পারভেজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম ও হাফিজ উদ্দিন হাফিজ, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম এবং নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।

(ওএস/এএস/মে ০৯, ২০২৬)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test