E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখতে সব গণতান্ত্রিক শক্তিকে সজাগ থাকার আহ্বান রিজভীর

২০২৬ জুলাই ১০ ১৪:০১:৪৯
পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখতে সব গণতান্ত্রিক শক্তিকে সজাগ থাকার আহ্বান রিজভীর

স্টাফ রিপোর্টার : অনেক রক্ত, আত্মত্যাগ ও ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে উল্লেখ করে পরাজিত শক্তির যেকোনো ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র প্রতিহত করতে দেশের সব গণতান্ত্রিক শক্তিকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের নিরাপত্তার প্রহরী হিসেবে কাজ করছে। তাই এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে।

পরাজিত শক্তি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করতে পারে। কেউ যেন উসকানি দিয়ে আমাদের হাজার বছরের ঐতিহ্যকে কলঙ্কিত করতে না পারে, সে জন্য দলের চেয়ারপারসনের পক্ষ থেকে নেতাকর্মীদের পাহারাদারের মতো দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের সঙ্গে আমাদের নেতাকর্মীরা একযোগে কাজ করবেন। অতীতেও প্রতিটি পূজায় আমরা একইভাবে দায়িত্ব পালন করেছি।

তিনি বলেন, আজ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মাবলম্বী ও নৃগোষ্ঠীর মানুষ ঐক্যবদ্ধ। বিভিন্ন সময়ে কারা জাতির মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করেছে, তা জনগণ বুঝে গেছে। কোনো অপশক্তিই এ জাতির দৃঢ় ঐক্য ভাঙতে পারবে না। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রায়ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের পাশে থাকবে, যাতে এ উৎসবকে কেন্দ্র করে কেউ রাজনৈতিক ফায়দা লুটতে না পারে।

দেশের অগ্রগতিতে প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরে বিএনপির এ শীর্ষ নেতা বলেন, সাধারণ ও নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ডের মতো কর্মসূচি বাস্তবায়ন করেছেন। বর্ষায় পানি সংরক্ষণ এবং শুষ্ক মৌসুমে সেচ ও মৎস্যচাষের সুবিধা নিশ্চিত করতে খাল খননের বৃহৎ কর্মসূচি বাস্তবায়নে তিনি দিনরাত দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন। এ অগ্রযাত্রায় কোনো অপশক্তি বা এজেন্ট যেন উসকানি দিয়ে বাধা সৃষ্টি করতে না পারে, সে জন্য জনগণ এবং বিএনপিসহ অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে রিজভী বলেন, কর্মসূচির অগ্রগতির বিষয়ে যদি মাঠপর্যায়ের কর্মকর্তারা সঠিক তথ্য না দেন, তাহলে সরকার যতই চেষ্টা করুক না কেন, কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। মাঠপর্যায়ে গতিশীলতা বজায় রাখা এবং কর্মকর্তারা যেন কোনো প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে সরকারের কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়ন করেন, সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘স্কুল ফিডিং’ কর্মসূচিকে একটি মহৎ ও মানবিক উদ্যোগ উল্লেখ করে রিজভী বলেন, প্রায় ১৫০টি উপজেলায় ৩০ লাখ শিক্ষার্থীর পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় টিফিন সরবরাহ করা হচ্ছে। এটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে যেসব এলাকায় স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে, সেসব এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহির আওতায় এনে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল ইসলাম এবং ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অন্যান্য নেতারা।

(ওএস/এএস/জুলাই ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test