E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোন ধরনের সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না’

২০২৬ সেপ্টেম্বর ১৬ ০০:৪৪:৫৩
‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোন ধরনের সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না’

স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনে নয়-ছয় করার কারণেই পতিত ফ্যাসিস্টের বিরুদ্ধে জনরোষ ফুঁসে উঠেছিল। এরই পরিপ্রেক্ষিতে বিএনপি ক্ষমতায় এসেছে। কিন্তু নির্বাচন নিয়ে বিএনপি সরকারের মধ্যেও অনীহা দৃশ্যমান। শুরু থেকেই স্থানীয় সরকারে নির্বাচন না দিয়ে প্রশাসক বসানো হয়েছে। এখন যখন নির্বাচন কমিশন ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে তখন নানা ধরনের আইন ও রীতি দেখানো শুরু হয়েছে।

তিনি বলেন, ইসলামী আন্দোলন পরিষ্কার জানিয়ে দিতে চায় যে, স্থানীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না। বরং দ্রুততার সঙ্গে নির্বাচন আয়োজন করতে হবে। মানুষের ক্ষমতা মানুষের প্রতিনিধির কাছে বুঝিয়ে দিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, দেশ পরিচালনায় সরকারের দক্ষতার ঘাটতি দৃশ্যমান, কোনো কোনো ক্ষেত্রে সদিচ্ছার অভাবও পরিলক্ষিত হচ্ছে। একটি নতুন সরকার গঠন হওয়ার পরে কাজ গুছিয়ে নেওয়ার জন্য যে সময় পাওয়া দরকার তা এই সরকার পেয়েছে। এখন আর আগের সরকার বা আগের রেজিমের ওপরে দায় চাপিয়ে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসাইন জাফরি, প্রচার ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ প্রমুখ।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৬, ২০২৬)






পাঠকের মতামত:

১৬ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test