E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ফ্যাসিস্ট ও গুপ্তরা প্রয়োজনে এক হয়ে যাবে’

২০২৬ সেপ্টেম্বর ২৬ ১৪:৫৭:২৪
‘ফ্যাসিস্ট ও গুপ্তরা প্রয়োজনে এক হয়ে যাবে’

স্টাফ রিপোর্টার : এখন এমন সময় আসছে, ওই ফ্যাসিস্ট-গুপ্তরা প্রয়োজনে এক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, একাত্তরে যারা রাজাকার ছিল, নব্বইয়ে যারা স্বৈরাচার ছিল এবং চব্বিশে যারা বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি-মুনাফিকি করেছে, তারা প্রয়োজনে এক হতে পারে। স্থানীয় নির্বাচন আসছে। অনেকে হয়তো বিভিন্নভাবে ভোটে জয়যুক্ত হওয়ার জন্য ফ্যাসিস্টের সঙ্গে আঁতাত করতে চেষ্টা করছেন। ওই ফ্যাসিস্টরা যেন আমাদের ভোটে অন্তর্ভুক্ত হতে না পারে, এজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি আমাদের দলের কার্যক্রমকে, আমাদের সরকারের কার্যক্রমকে মাঠে-ঘাটে, হাটে-বাজারে প্রচার করতে পারি, আমার বিশ্বাস ওই গুপ্ত-সুপ্তরা ঐক্য হয়ে আমাদের কোনো কিছু করতে পারবে না।

ফরহাদ হোসেন আজাদ বলেন, আমরা কয়েকদিন আগে এক দলের নেতার বক্তব্যে একটি জিনিস পরিষ্কার হয়েছি যে, কারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। যেখানে সন্ত্রাস, যেখানে অগ্নিসংযোগ, যেখানে ককটেল, যেখানে বোমা, যেখানে ওই ফ্যাসিস্ট, সেখানে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রতিহত করতেই হবে।

প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং চব্বিশের ছাত্র-জনতা আন্দোলন, জুলাই অভ্যুত্থান—প্রত্যেকটা আন্দোলনেই জিয়া পরিবার, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের অবদান অনস্বীকার্য এবং সেটা পরীক্ষিত।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ম্যাক্সিমাম নেতাকর্মী আছেন, মামলা খাইছেন, জেলে গেছেন, তাই না? এখন যদিও অনেক জায়গায় হাইব্রিডরা চলে আসার চেষ্টা করছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেসেজ ক্লিয়ার—যারা বিগত দিনে আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিংয়ে জেল-জুলুম স্বীকার হয়েছেন, আমরা তাদের প্রিভিলেজ দিয়ে, তাদের সামনে রেখে দলের কাজ করবো।

পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৬, ২০২৬)

পাঠকের মতামত:

২৬ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test