E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’

২০২৬ অক্টোবর ২৩ ১৩:৫৩:২৮
‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “আওয়ামী লীগ ছিল একটা অপপ্রচারকারী দল, তাদের সাথে যুক্ত হয়েছে আরেকটি গুপ্ত দল। তারা অপপ্রচারে মেতে উঠেছেন।”

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর শান্তিনগর এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, “এই দুইটি রাজনৈতিক দলের একটি নিষিদ্ধ ঘোষিত, আরেকটি এখন বিরোধীদের দলের ভূমিকা পালন করছেন। এদের অপপ্রচার, কুৎসা রটনাতে অন্য কেউ তাদের সাথে প্রতিযোগিতায় পারবে না।”

তিনি বলেন, “তারা নিজেই বলেছে যে, আওয়ামী লীগের সব মাফ করে দেবো। প্রমাণ আছে বলেই প্রধানমন্ত্রী কথা বলেছেন। নানা জায়গায় নানা ধরনের ঘটনায় দেখা গেছে যে, তাদের আচরণ গুপ্তদের আচরণ এবং পরাজিত শক্তির আচরণ; প্রায় অভিন্ন আচরণ তারা করছে। অভিন্ন ধরনের কথাবার্তা বলছে যে অপপ্রচার, এই যে আপনারা দেখেছেন আগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কী ধরনের অপপ্রচার দেওয়া হতো, মিথ্যাচার করা হতো।”

দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “এবার তারেক রহমানের সরকার জানিয়ে দিয়েছে যে, কীভাবে একটি সরকার সতর্ক থাকতে পারলে কোনো ষড়যন্ত্রকারী, চক্রকারী, নীলনকশার কোনো পথ অবলম্বন করতে পারে না। তিনি (প্রধানমন্ত্রী) সরকারকে এবং তার যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি সম্পৃক্ত করেছেন এই হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসবে, এই পূজায় তাদের নিরাপত্তা বিধানের জন্য।”

তিনি বলেন, “আমরা দলের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে আমরা যোগাযোগ করেছি, কমিটির সাথে কথা বলেছি। নিরাপত্তার জন্য আমাদের নেতাকর্মীরা দিন-রাত কাজ করেছে। তো সেটাই একটু প্রমাণ হলো—আওয়ামী লীগ ছিল একটা অপপ্রচারকারী দল, তাদের সাথে যুক্ত হয়েছে আরেকটি গুপ্ত দল। তারা এই অপপ্রচারে মেতে উঠেছেন।”

বিএনপির ভূমিকা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় স্বচ্ছ আলোর মধ্যে তারা কথা বলে, কাজ করে। তারা যা ওয়াদা করে, সেটা বাস্তবায়ন করে। সেখান থেকে তারা বিচ্যুত হয় না। নির্বাচনের আগের প্রতিশ্রুতি, ক্ষমতায় আসার পর থেকে তারেক রহমানের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নিষ্ঠার সাথে বাস্তবায়ন করছে।”

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যাতে ডেঙ্গুতে আক্রান্ত হতে না পারি, আগে যাতে আমরা কিছু প্রতিরোধ করতে পারি। মশারি টাঙানো, দিনের বেলায় যাতে মশা না কামড়ায় সেই দিকে সতর্ক থাকতে হবে।”

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “ব্যাপকভাবে পরিচ্ছন্নতা অভিযান চলছে ঢাকাসহ সারা দেশে। আমরা গত পরশুদিন রংপুর মহানগর, রাজশাহী মহানগর, চট্টগ্রাম মহানগর দেখে আসলাম, রাস্তা-ঘাট যথেষ্ট পরিষ্কার-পরিচ্ছন্ন হয়েছে।”

দুর্গাপূজার কারণে কয়েক দিন ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি চালানো সম্ভব হয়নি, জানিয়ে রিজভী বলেন, “আপনারা জানেন যে, গত প্রায় পাঁচ-ছয় দিন ধরে দুর্গাপূজার একটি আমেজ ছিল, উৎসব ছিল। আমরা যে ডেঙ্গু সচেতনতামূলক যে কর্মসূচি পালন করছিলাম, এই দুর্গাপূজার সময়ে সেটা করতে পারিনি; কারণ এটি এ দেশের হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের একটি বড় উৎসব। সেখানে পূজা-অর্চনা, সেখানে শঙ্খধ্বনি এবং ঢাকের বাদ্য বিভিন্ন পূজামণ্ডপে—সেটা অত্যন্ত আন্তরিকতার সাথে বেজেছে। হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনেরা তারা উৎসবে মেতেছেন এবং তাদের এই প্রধান ধর্মীয় উৎসবে তারা নির্বিঘ্নে, নিরাপত্তার সাথে পালন করেছেন।”

তিনি বলেন, “পার্শ্ববর্তী দেশ থেকেও অনেকে এসেছেন এখানে পূজা-অর্চনার জন্য। তারাও মন্তব্য করেছেন—এত নিরাপদ, এত শান্তিপূর্ণ পূজা-অর্চনা বাংলাদেশে হয়েছে, শঙ্খধ্বনি হয়েছে পূজার জন্য, ঢাকের বাদ্য বেজেছে, যেটা সত্যিকার অর্থেই প্রশংসার যোগ্য।”

(ওএস/এএস/অক্টোবর ২৩, ২০২৬)


পাঠকের মতামত:

২৩ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test