E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন’

২০২৬ নভেম্বর ০৯ ১৫:০৩:২৩
‘শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন’

স্টাফ রিপোর্টার : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন কেন, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, শেখ হাসিনা ভুল করেছেন, কিন্তু তার মধ্যে কোনো অনুশোচনা নেই।
তিনি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করছেন কোন লজ্জায়? তিনি কি মনে করেছেন, দেশে ফিরে আবার ফ্যাসিবাদ কায়েম করবেন আর দেশের মানুষ বসে বসে তা দেখবে?

সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা বিদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করছেন, যাতে দেশে ফিরলে তার বিরুদ্ধে থাকা দণ্ড কার্যকর না হয়।
প্রশ্ন হলো, আপনি এত কথা বলতেন, এখন কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন?

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি রাখা হয়েছিল। তখন আইনমন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা বলতেন, আদালত তার নিজস্ব গতিতে চলে, আইন তার নিজস্ব গতিতে চলে।
এখন শেখ হাসিনার ক্ষেত্রেও আইন ও আদালত নিজস্ব গতিতে চলবে।

রিজভী বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চান।
কিন্তু তাকে সংবর্ধনা জানাবে কে? আবু সাঈদের মা, মুগ্ধের বাবা, নাকি আহনাফের স্বজনেরা? যাদের সন্তানদের হত্যা করা হয়েছে, যারা গুলিতে প্রাণ হারিয়েছেন, সেই শহীদ পরিবারের সদস্যরা কি তাকে সংবর্ধনা জানাবেন?

তিনি বলেন, এত তরুণ, শিশু, রিকশাচালক ও শ্রমিক জীবন দিয়েছেন। তাদের রক্তের দাগ এখনো মুছে যায়নি। সেই আত্মত্যাগ ভুলে গিয়ে শেখ হাসিনা দেশে ফিরে আবার ফ্যাসিবাদ চালু করবেন, আর দেশের মানুষ তা বসে বসে দেখবে, এমনটা তিনি ভাবলে ভুল করবেন।

৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল। রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়, সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়। মাত্র চারটি সংবাদপত্র রেখে অন্য সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। মানুষের কথা বলা ও মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল।

তিনি বলেন, স্বাধীনতাযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র। পাকিস্তানিরা সংখ্যাগরিষ্ঠ দলের হাতে ক্ষমতা দিতে চায়নি বলেই এ দেশের মানুষ মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। অথচ স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছিল, তারাও জনগণের ওপর নির্যাতন চালিয়েছে। রক্ষীবাহিনীর অত্যাচার ও নিপীড়নের ঘটনাও ছিল ভয়াবহ।

তিনি বলেন, ৭ নভেম্বরের গণজাগরণের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতীয় রাজনীতির ক্ষমতার কেন্দ্রে আসেন। ৩ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ৭ নভেম্বর তিনি মুক্ত হন। পরবর্তী সময়ে তিনি আধুনিক সেনাবাহিনী গড়ে তোলেন এবং দেশকে উন্নয়ন ও উৎপাদনের পথে এগিয়ে নেন।

রিজভী বলেন, আজকের তৈরি পোশাকশিল্পের প্রবক্তা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রবাসী শ্রমিকদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং তাদের পাঠানো রেমিট্যান্সকে অর্থনীতির অন্যতম ভিত্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও তার অবদান রয়েছে।

তিনি বলেন, জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি চাল রপ্তানির পর্যায়েও দেশকে নিয়ে গিয়েছিলেন।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে রিজভী বলেন, জিয়াউর রহমান স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিলেন। দেশের স্বার্থ যার সঙ্গে রক্ষা হবে, তার সঙ্গেই বন্ধুত্বের নীতি অনুসরণ করেছিলেন তিনি। চীন, জাপান, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছিল।

(ওএস/এএস/নভেম্বর ০৯, ২০২৬)











পাঠকের মতামত:

০৯ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test