E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আ. লীগ গোপন নাশকতায় যুক্ত হয়েছে’

২০২৬ নভেম্বর ১৫ ১৪:২৫:৫০
‘আ. লীগ গোপন নাশকতায় যুক্ত হয়েছে’

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ এখন গোপন নাশকতার মধ্যে যুক্ত হয়েছে। কোথাও বোমাবাজি, কোথাও ককটেল বিস্ফোরণ, কোথাও গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। এমনকি গার্মেন্টস শিল্পেও নানা ধরনের অরাজকতা সৃষ্টি করা হচ্ছে।

রবিবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গতকাল ও গত পরশু ঢাকা-চট্টগ্রাম রেললাইনে নাশকতার উদ্দেশ্যে রেলপথের সিগন্যালের অ্যাসপেক্ট মেকানিজম খুলে দেওয়া হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তবে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি জানতে পেরে ব্যবস্থা নেওয়ায় অনেক মানুষের জীবন রক্ষা পেয়েছে।

তিনি বলেন, সড়ক, মহাসড়ক, রেলপথ ও নৌপথে পতিত শেখ হাসিনার ফ্যাসিস্টরা দেশের ভেতরে ও বাইরে থেকে অরাজকতা তৈরির চেষ্টা করছে। তাদের মালিকানাধীন গার্মেন্টস শিল্পেও তারা অরাজকতা সৃষ্টি করছে। শ্রমিকদের গার্মেন্টসের চাবি দেওয়া হচ্ছে না।

বিএনপির এই নেতা বলেন, এসব চক্রান্ত সফল হবে না। প্রতিটি চক্রান্ত ধরা পড়ছে, নাশকতাকারীরা গ্রেপ্তার হচ্ছে। প্রতিদিনই তারা বোমা ও বিভিন্ন ধরনের অস্ত্রসহ গ্রেপ্তার হচ্ছে।

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে রিজভী বলেন, শেখ হাসিনার বিচার হচ্ছে এবং তার দণ্ড হয়েছে। সেই দণ্ড অনুযায়ী তিনি কোনোভাবেই ফিরে আসার চেষ্টা করলে তার বিরুদ্ধে দেওয়া বিচার ও দণ্ড কার্যকর থাকবে।

ঢাকা মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, শফিকুল ইসলাম খান মিল্টন ও এসএম জাহাঙ্গীর হোসেন ছাত্রজীবন থেকে রাজনীতি করে ধাপে ধাপে জাতীয় রাজনীতিতে উঠে এসেছেন। তারা যুবদল, মহানগরে দায়িত্ব পালন করেছেন। তারা হঠাৎ করে রাজনীতিতে আসেননি।

রিজভী বলেন, দল ও চেয়ারম্যান তাদের নেতৃত্বের ওপর আস্থা রাখেন। তাদের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। ঘরে ঘরে জাতীয়তাবাদী শক্তির দুর্গ গড়ে উঠবে। কারণ, তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, সদস্য সচিব এসএম জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/নভেম্বর ১৫, ২০২৬)


পাঠকের মতামত:

১৫ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test