E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নিরাপদ রাজধানী গড়তে জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা

২০২৬ নভেম্বর ২১ ০১:০০:৪৫
নিরাপদ রাজধানী গড়তে জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার : নিরাপদ রাজধানী গড়া, নাগরিকদের জানমালের সুরক্ষা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।

কেন্দ্রীয় জামায়াতের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মহানগরী উত্তরের পক্ষ থেকে অতিরিক্ত ৬০ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে।
আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মহানগরীর প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে ধারাবাহিকভাবে নাগরিক সমাবেশ, মিছিল, সভা ও গণসংযোগ করা হবে।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

সেলিম উদ্দিন বলেন, ১০০ দিনের কর্মসূচিতে জামায়াতের শ্রমিক, পেশাজীবী ও মহিলা সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। প্রতিটি ওয়ার্ডে নাগরিক সমাবেশের পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়াতে নানা কর্মসূচি পালন করা হবে।
রমজান মাসে ইফতার মাহফিল ও গণসংযোগের আয়োজন থাকবে। ফেব্রুয়ারি শেষে মার্চে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, রাজধানীসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। রাষ্ট্রের দায়িত্ব প্রতিটি নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার বিষয়ে সরকারের দাবি এবং মাঠপর্যায়ে মানুষের নিরাপত্তাবোধের মধ্যে যেন ব্যবধান না থাকে। সহিংসতা ও নাশকতা প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জামায়াতের এই নেতা বলেন, প্রত্যেক নাগরিকের বৈধ রাজনৈতিক কর্মকাণ্ড, মতপ্রকাশ ও আন্দোলন-সংগ্রামের অধিকার রয়েছে। তবে এসব কর্মসূচির নামে সন্ত্রাস, বোমাবাজি, অস্ত্রের ব্যবহার কিংবা সাধারণ মানুষের ওপর হামলা গ্রহণযোগ্য নয়। অপরাধী যে রাজনৈতিক দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।

জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে সেলিম উদ্দিন বলেন, সরকার জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। ভোটারদের প্রায় ৭০ শতাংশ সনদের পক্ষে রায় দেওয়ার পরও রাষ্ট্রীয় সংস্কারের উদ্যোগে সরকার আগ্রহ দেখাচ্ছে না।

তিনি অভিযোগ করেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে কর্তৃত্ববাদী আচরণের চেষ্টা করা হচ্ছে। অথচ জনগণের প্রত্যাশা ছিল, রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো, আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনা হবে।

জামায়াতের এই নেতা বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। সংসদে জুলাই সংস্কার পরিষদের শপথ নিয়ে সনদের বিষয়গুলো কার্যকর করতে হবে। পুরোনো স্বৈরতান্ত্রিক চিন্তাধারা দিয়ে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।

তিনি বলেন, জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে এবং জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি মেনে নেওয়া হবে না।

গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, সবাইকে সচেতন থাকতে হবে। আইন নিজের হাতে তুলে না নিয়ে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সংবাদ সম্মেলনে সরকারের প্রতি পাঁচটি দাবি তুলে ধরেন তিনি। দাবিগুলো হলো—সব সহিংসতা ও নাশকতার নিরপেক্ষ তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করা; অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনা; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা; চাঁদাবাজি, দখলদারত্ব ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং নাগরিকদের জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত এবং প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারসহ অন্য নেতারা।

(ওএস/এএস/নভেম্বর ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test