E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুম্বলের পরিবর্তে আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ

২০২১ নভেম্বর ১৭ ১৭:৩১:০২
কুম্বলের পরিবর্তে আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ

স্পোর্টস ডেস্ক : তিন বছর মেয়াদে তিনবারে মোট ৯ বছর দায়িত্ব পালন করেছেন অনিল কুম্বলে। আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদ থেকে অবশেষে সম্প্রতি সরে দাঁড়ানোর ঘোষণা দেন ভারতের সাবেক এই ক্রিকেটার। কুম্বলের জায়গায় আইসিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে তারই সাবেক সতীর্থ, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে।

বলাই যায়, এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ার অন্যতম ব্যস্ত মানুষ সৌরভ গাঙ্গুলি। বিসিসিআইয়ের সভাপতি পদে তো আছেনই, এবার তাকে নিয়োগ দেয়া হলো আইসিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগটিতে।

২০১২ সালে আইসিসি বোর্ড ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্লাইভ লয়েডের পরিবর্তে অনিল কুম্বলেকে ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করেছিল। এরপর ২০১৬ সালে দ্বিতীয় মেয়াদে এবং ২০১৯ সালের মার্চে তৃতীয় মেয়াদের জন্য আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন তিনি।

আইসিসির পক্ষ থেকে আজ (১৭ নভেম্বর) সৌরভের নতুন দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়। আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে এক বিবৃতিতে বলেছেন, ‘সৌরভকে আইসিসির ক্রিকেট কমিটিতে দেখে আমি খুব খুশি। সে (সৌরভ) বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম। ক্রিকেটীয় অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রশাসক হিসেবেও সে এই পদে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি মনে করি।'

৯ বছর দায়িত্ব পালন করে বিদায় নিয়েছেন অনিল কুম্বলে। তাকে ধন্যবাদ জানিয়ে বার্কলে বলেন, 'নয় বছর সে (কুম্বলে) দুর্দান্ত দায়িত্ব পালন করেছে। ক্রিকেটের উন্নয়নে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) আবিষ্কার ও সন্দেহভাজন বোলিং অ্যাকশন ধরতে যুগান্তকারী পদক্ষেপ সে নিয়েছে।'

(ওএস/এসপি/নভেম্বর ১৭, ২০২১)

পাঠকের মতামত:

২৩ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test