E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ক্রীড়া উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-জর্ডান

২০২১ নভেম্বর ১৮ ১৬:০৬:৪৫
ক্রীড়া উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-জর্ডান

স্পোর্টস ডেস্ক : ক্রীড়ার উন্নয়নে জর্ডান ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। জর্ডান সফররত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সকালে দেশটির যুব বিষয়ক মন্ত্রী মোহাম্মদ নাবুলসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় দুই দেশের ক্রীড়ামন্ত্রী যুব ও ক্রীড়ার উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন।

বৈঠককালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জর্ডানের সাথে বাংলাদেশের বিদ্যমান সুসম্পর্কের কথা উল্লেখ করে যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বিনিময়ের প্রস্তাব করেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘যুব উন্নয়ন বিষয়ে বাংলাদেশ তার অভিজ্ঞতাকে বন্ধু প্রতিম দেশগুলোর সঙ্গে ভাগাভাগি করতে আগ্রহী।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের এক তৃতীয়াংশ জনসংখ্যা তরুণ। তাদের উন্নয়নের জন্য সরকার বেশ কিছু অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ নিয়েছে। এই প্রচেষ্টার স্বীকৃতিরুপ বাংলাদেশের রাজধানী ঢাকাকে ২০২০ সালের জন্য ওআইসি যুব রাজধানী হিসাবে ঘোষণা করা হয়েছিল।’

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব এবং উন্নয়ন কাঠামোতে তরুণদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি বাংলাদেশের উন্নয়নের সাফল্যের একটি অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘দেশের উন্নয়নে তরুণদের অংশগ্রহণ নিশ্চিতকল্পে বাংলাদেশের লক্ষ্য হলো শিক্ষা বা কর্মসংস্থান বা প্রশিক্ষণ নেই- এমন যুবকদের সংখ্যা ২০৩০ সালের মধ্যে ৩ শতাংশের নিচে নামিয়ে আনা। এই লক্ষ্যে সরকার শহর এবং গ্রামীণ এলাকায় যুবকদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ, পরামর্শ এবং অন্যান্য সহায়তা পাওয়ার জন্য অকাঠামো তৈরি করেছে। প্রতিবছর প্রায় সোয়া তিন লাখ তরুণ ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে থাকে।’

জর্ডানের যুব বিষয়ক মন্ত্রী মোহাম্মদ নাবুলসি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে জর্ডানে স্বাগত জানিয়ে বাংলাদেশের উন্নয়নে তরুণ ও যুব শ্রেণির অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের প্রশংসা করেন। পারস্পরিক সহযোগিতা বিনিময়ের প্রস্তাবকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার একটি অর্থর্নৈতিক উদীয়মান রাষ্ট্র হিসেবে বাংলাদেশ জর্ডানের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।’

এছাড়া বাংলাদেশের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে উভয় দেশের মধ্যে আরও যোগাযোগ বৃদ্ধির কথা বলেন। কোভিড পরবর্তী পরিস্থিতিতে পারস্পরিক অভিজ্ঞতা ও সহযোগিতা বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘একটি বৃহৎ জনসংখ্যার দেশ হিসেবে করোনা মোকাবিলায় বাংলাদেশের সাফল্য অনেক দেশের জন্য অনুকরণীয়।’

বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল জর্ডানের সাথে ইয়ুথ এক্সচেন্জ প্রোগ্রাম চালুর প্রস্তাব করেন। এই বিষয়ে উভয় দেশের মধ্যে তিনি একটি সমঝোতা স্বারক স্বাক্ষরেরও প্রস্তাব করেন। এই ব্যাপারে জর্ডানের যুব বিষয়ক মন্ত্রী মোহাম্মদ নাবুলসি আগ্রহ প্রকাশ করলে দূতাবাস এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

মোহাম্মদ নাবুলসি বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নকে বৈপ্লবিক আখ্যায়িত করলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জর্ডানের সঙ্গে কৃষি, প্রযুক্তি ও মৎস্যখাতসহ অন্যান্য সেক্টরে বাংলাদেশ আরও জোরালোভাবে ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন। এছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জর্ডান হতে একটি প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান।

দ্বিপাক্ষিক এ বৈঠকে উপস্থিত ছিলেন জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান।

(ওএস/এসপি/নভেম্বর ১৮, ২০২১)

পাঠকের মতামত:

২৩ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test