E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হকির প্রতিশোধ নেওয়ার সুযোগ ফুটবলের মেয়েদের সামনে

২০২১ ডিসেম্বর ১৬ ১৬:২৪:৪৫
হকির প্রতিশোধ নেওয়ার সুযোগ ফুটবলের মেয়েদের সামনে

স্পোর্টস ডেস্ক : এক ম্যাচের সঙ্গে আরেকটির তুলনা হয় না। তারপরও জার্সি তো একই। হোক জাতীয় দল আর বয়সভিত্তিক। বুধবার লাল-সবুজ জার্সিধারী আশরাফুল-জিমিরা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ম্যাচ ৯-০ গোলে বিধ্বস্ত হয়েছে ভারতের কাছে।

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন (যুগ্ম) দলটির কাছে বাংলাদেশ হারবে তা অনুমিতই ছিল। কিন্তু হারের ব্যবধান এতো বড় হবে সেই আশঙ্কা ছিল না কারও। ম্যাচের পর বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলামও বলেছেন, ‘হার ঠিক আছে, গোল বেশি হয়ে গেছে।’

জাতীয় হকি দলের করুণ পরাজয়ের দুই দিন পর ভারতের সঙ্গে আরেকটি লড়াইয়ে নামছে বাংলাদেশ। এবার মেয়েদের বয়সভিত্তিক ফুটবলে।

রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে চলমান সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে মারিয়া-আঁখিরা শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে খেলতে নামবে ভারতের বিপক্ষে। এখন একটাই দেখার জিমি-আশরাফুলদের হারের প্রতিশোধ কি নিতে পারবেন মারিয়া-আঁখিরা?

নারী অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে এটি বাংলাদেশের তৃতীয় ম্যাচ। ভারতেরও তাই। ভারত দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে আছে সবার ওপরে। বাংলাদেশ নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করে এবং ভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

পাঁচ দেশের এই টুর্নামেন্টে অন্য তিন দল ভুটান, নেপাল ও শ্রীলংকা। লিগভিত্তিক খেলা শেষ পয়েন্ট টেবিলের দুই দল খেলবে ফাইনাল। দুইয়ে থাকতে হলে বাংলাদেশের মেয়েদের কাছে ভারতের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিতলে ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে। হারলে কিংবা ড্র করলে ভাগ্য নির্ভর করবে পরের ম্যাচগুলোর ওপর।

(ওএস/এসপি/ডিসেম্বর ১৬, ২০২১)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test