E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন শোয়েব মালিকের ভাতিজা

২০২১ ডিসেম্বর ২০ ১৬:৪৮:৫৬
ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন শোয়েব মালিকের ভাতিজা

স্পোর্টস ডেস্ক : ঘরোয়া ক্রিকেটে অভিষেক মৌসুমেই আলাদা করে নিজের নাম চিনিয়ে রাখলেন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ওপেনার মোহাম্মদ হুরাইরা। প্রথম শ্রেণির ক্রিকেটে পাকিস্তানের দ্বিতীয় কনিষ্ঠতম ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন ১৯ বছর বয়সী এ ব্যাটার।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শোয়েব মালিকের ভাই তারিক মালিকের ছেলে মোহাম্মদ হুরাইরা। তিনি নিজের চাচার দেখানো পথে এগুতে পারবেন কি না তা সময়ই বলে দেবে। তবে এ ডানহাতি ব্যাটারের শুরুটা হলো দুর্দান্ত।

সোমবার কায়েদ-এ-আজম ট্রফির ম্যাচে বেলুচিস্তানের বিপক্ষে নর্দার্ন পাকিস্তানের জার্সি গায়ে ৩৪৩ বলে ৪০ চার ও ৪ ছক্কার মারে ৩১১ রানের ইনিংস খেলেছেন হুরাইরা। ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি করার দিন তার বয়স মাত্র ১৯ বছর ২৩৯ দিন।

পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে এর চেয়ে কম বয়সে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড রয়েছে শুধুমাত্র কিংবদন্তি জাভেদ মিঁয়াদাদের। প্রায় ৪৫ বছর আগে ১৯৭৫-৭৬ মৌসুমে ১৭ বছর ৩১০ দিন বয়সে তিন অঙ্ক ছুঁয়েছিলেন মিঁয়াদাদ।

সবমিলিয়ে বিশ্বের অষ্টম কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়লেন হুরাইরা। আর পাকিস্তানের ২০তম ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করলেন তিনি।

হুরাইরার ট্রিপল সেঞ্চুরির সুবাদে ৪ উইকেটে ৬২১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে নিজেদের ইনিংস ঘোষণা দিয়েছে নর্দার্ন। ওপেনার সামাদ ভাট্টি খেলেছেন ১৩৫ রানের ইনিংস। এর আগে বেলুচিস্তান অলআউট হয় ৩০৫ রানে। যেখানে শান মাসুদ একাই করেন ১৯০ রান।

(ওএস/এসপি/ডিসেম্বর ২০, ২০২১)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test