E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বলে সফল ব্যাটে ব্যর্থ আশরাফুল

২০২২ মার্চ ২২ ১৬:০৩:৪৮
বলে সফল ব্যাটে ব্যর্থ আশরাফুল

স্পোর্টস ডেস্ক : বোলিংয়ে তাক লাগালেন মোহাম্মদ আশরাফুল। ১০ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে একাই নিলেন ৫ উইকেট। তবে বলে সফল হলেও ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন জাতীয় দলের এক সময়ের মহাতারকা। করেছেন মাত্র ১ রান।

মোহামেডানের ছুড়ে দেওয়া ২০৭ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৮ রানেই ৩ উইকেট হারিয়ে বসে ব্রাদার্স ইউনিয়ন। সাদিকুর রহমান (২) মাশইকুর রহমান (০) শুভাগতহোমের শিকার হওয়ার পর পর আশরাফুলও ফেরেন দলকে বিপদে ফেলে। ১ রান করে নাজমুল অপুর বলে এলবিডব্লিউ হন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে ৪ উইকেটে ৬৯ রান তুলেছে ব্রাদার্স ইউনিয়ন। ওপেনার ইমতিয়াজ হোসেন আউট হয়েছেন ৪২ করে। আমিনুল ইসলাম বিপ্লব ১৭ আর ধীমান ঘোষ ৪ রানে অপরাজিত আছেন।

এর আগে আশরাফুলের ঘূর্ণিতে মোহামেডানকে মাত্র ২০৬ রানে গুটিয়ে দেয় ব্রাদার্স ইউনিয়ন। তবু রক্ষা। আট নম্বর ব্যাটার জাহিদুজ্জামান খান অপরাজিত ৪১ রানের ইনিংস না খেললে আরও বড় লজ্জায় পড়তে হতো মোহামেডানকে।

সাভার বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ২৫ রানের মধ্যে দুই ব্যাটার পারভেজ হোসেন ইমন (১) আর সৌম্য সরকারকে (৭) হারিয়ে বসে মোহামেডান। দুটি উইকেটই নেন আবু হায়দার রনি।

এরপর রনি তালুকদার আর মোহাম্মদ হাফিজের ৭২ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল মোহামেডান। এমন সময়ে হঠাৎ আশরাফুলের ঘূর্ণি জাদু।

পাকিস্তানের অভিজ্ঞ হাফিজকে (২৮) এলবিডব্লিউ করে শুরু। এরপর একে একে রনি তালুকদার (৫৮), সোহরাওয়ার্দি শুভ (১৬), শুভাগতহোম (৮), ইয়াসিন আরাফাত মিশুকে (৪) সাজঘরের পথ দেখান আশরাফুল।

এর মধ্যে শুভাগত আর রনিকে তো পরিষ্কার বোল্ড করেন আশরাফুল। শেষ পর্যন্ত ইনিংসের ২ বল বাকি থাকতে ২০৬ রানে গুটিয়ে যায় মোহামেডানের ইনিংস।

(ওএস/এসপি/মার্চ ২২, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test