E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘সিতারা ই পাকিস্তান’ পুরস্কার পেলেন ড্যারেন স্যামি

২০২২ মে ৩০ ১৭:৩৯:৪৫
‘সিতারা ই পাকিস্তান’ পুরস্কার পেলেন ড্যারেন স্যামি

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটের সঙ্গে ড্যারেন স্যামির বন্ধুত্বটা বেশ গভীর। গত কয়েক বছরে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য জোর চেষ্টা চালিয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজের এ সাবেক অধিনায়ক। যেখানে বেশ সফলই বলা চলে স্যামিকে।

এরই মধ্যে পাকিস্তানে নিয়মিত হতে শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট। এর পেছনে অবদান রাখায় স্যামিকে এবার ‘সিতারা ই পাকিস্তান’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্যামি নিজেই জানিয়েছেন এ খবর।

গত বছরের ১৪ আগস্ট স্যামিকে এই পুরস্কারের জন্য বেছে নেন পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ উর রেহমান আলভি। প্রায় সাড়ে ৯ মাস পর যা তুলে দেওয়া হলো স্যামির হাতে। পাকিস্তানে ক্রিকেট ফেরাতে অবদানের জন্যই দেওয়া হয়েছে এই পুরস্কার।

পাকিস্তান সুপার লিগে চার মৌসুম পেশোয়ার জালমির অধিনায়কত্ব করেছেন স্যামি। পরে জালমির হেড কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। পাকিস্তানের জাতীয় পোশাক সালোয়ার কামিজ পরে নিজ দেশ সেইন্ট লুসিয়া থেকে এই পুরস্কার গ্রহণ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্যামি লিখেছেন, ‘ক্রিকেটের সুবাদে আমি দারুণ সব জায়গায় গিয়েছি। পাকিস্তান তার মধ্যে অন্যতম। সেখানে গেলে সবসময় মনে হয় বাড়িতেই আছি। সিতারা ই পাকিস্তান আমার জন্য অনেক বড় সম্মান। পাকিস্তান সরকার ও দেশের মানুষকে ধন্যবাদ।’

উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে স্যামিকে নিজেদের নাগরিকত্ব দিয়েছে পাকিস্তান। নাগরিকত্ব পাওয়ার দিন আনুষ্ঠানিকভাবে পাকিস্তানি নাগরিক হিসেবে দেশটির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘নিশান-ই পাকিস্তান’ গ্রহণ করেন স্যামি।

(ওএস/এসপি/মে ৩০, ২০২২)

পাঠকের মতামত:

২৬ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test