E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিশ্বকাপের আগে কোচ রেনার্ডকে ছাঁটাই করল সৌদি আরব

২০২৬ এপ্রিল ১৮ ১৩:৪৪:২৫
বিশ্বকাপের আগে কোচ রেনার্ডকে ছাঁটাই করল সৌদি আরব

স্পোর্টস ডেস্ক : উত্তর আমেরিকায় ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র দুই মাস। ঠিক এই মুহূর্তে বড়সড় রদবদল এল সৌদি আরব ফুটবল দলে।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মাথায় বরখাস্ত করা হলো ফরাসি কোচ হার্ভে রেনার্ডকে।

৫৭ বছর বয়সী রেনার্ড এর আগে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সফলভাবে সৌদি দলের দায়িত্ব পালন করেছিলেন।

গত কাতার বিশ্বকাপে তার অধীনেই শিরোপাজয়ী আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল সৌদি আরব। মাঝখানে ফ্রান্সের নারী ফুটবল দলের দায়িত্ব পালন শেষে ২০২৪ সালের শেষের দিকে রবার্তো মানচিনির স্থলাভিষিক্ত হয়ে আবারও সৌদিতে ফিরেছিলেন তিনি।

বিদায়বেলায় ফরাসি এই ট্যাকটিশিয়ান কিছুটা আক্ষেপের সুরেই বার্তা সংস্থা এএফপি-কে বলেন, ‘ফুটবলে এমনটা হতেই পারে। সৌদি আরব মোট সাতবার বিশ্বকাপের টিকিট পেয়েছে, যার মধ্যে দুইবারই আমার হাত ধরে।
অন্তত এই গর্বটুকু আমার থাকবে।’

রেনার্ডের উত্তরসূরি হিসেবে বর্তমানে গ্রিক কোচ জর্জিওস ডনিসের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। বর্তমানে সৌদি ক্লাব আল খালিজের কোচ হিসেবে থাকা ডনিসের সঙ্গে সৌদি ফুটবল ফেডারেশনের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে সৌদি আরব খেলবে ‘গ্রুপ এইচ’-এ। যেখানে তাদের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে এবং নবাগত কেপ ভার্দে। সৌদি আরবের সবকটি গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপেই সৌদি আরব তাদের ইতিহাসের সেরা সাফল্য (রাউন্ড অব ১৬) পেয়েছিল।

২০৩৪ বিশ্বকাপের আয়োজক হতে যাওয়া দেশটির সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হলো, কোচ পরিবর্তনের এই ঝক্কি সামলে বিশ্বকাপের মূল মঞ্চে নিজেদের কতটা মেলে ধরতে পারে।

(ওএস/এএস/এপ্রিল ১৮, ২০২৬)












পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test