E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আবারো পাঁচ টুর্নামেন্টের প্রতিশ্রুতি বাফুফের

২০২৬ এপ্রিল ২০ ১৪:২১:৪৮
আবারো পাঁচ টুর্নামেন্টের প্রতিশ্রুতি বাফুফের

স্পোর্টস ডেস্ক : ঘরোয়া ফুটবল মৌসুমের আগামনীবার্তা এলেই আলোচনায় আসে সুপার কাপ। বাফুফে কখনো আনুষ্ঠানিকভাবে, কখনো অনানুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্ট হবে বললেও হয় না। ২০১৩ সালের পর আর আলোর মুখই দেখেনি আলোচিত এই টুর্নামেন্ট।

২০২৬-২৭ ফুটবল মৌসুমের একটা খসড়া ক্যালেন্ডার তৈরি করে নির্বাহী কমিটিতে উপস্থাপন করেছিল প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি। বাফুফের রবিবারের নির্বাহী কমিটির সভায় সেই সূচি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।

১৯টি এজেন্ডা নিয়ে সভায় বসেছিল বাফুফের নির্বাহী কমিটি, সেখানে ছিল নতুন ঘরোয়া ফুটবল মৌসুম। ঘরোয়া ফুটবল নিয়ে বাফুফে আলোচনার পর একটা সিদ্ধান্ত নিয়েছে। সেখানে লিগ কমিটি ৫ টুর্নামেন্টের প্রস্তাব দিয়েছিল তা অনুমোদন করেছে ফুটবলের অভিভাবক প্রতিষ্ঠানটি।

ঘরোয়া ফুটবলে আলোচিত টুর্নামেন্ট সুপার কাপ। আকর্ষণীয় এই টুর্নামেন্ট ফুটবলামোদীদের কাছে বেশি পরিচিত ‘কোটি টাকার সুপার কাপ’ হিসেবে। ২০০৯ সালে কোটি টাকা প্রাইজমানি দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করেছিল। তবে ১৭ বছরে মাত্র তিনটি সুপার কাপ হয়েছে। সর্বশেষ হয়েছে ২০১৩ সালে। প্রতি মৌসুমেই এই টুর্নামেন্টের আলোচনা আসে। তবে নানা কারণে আর হয়না। তিনবারের মধ্যে প্রথম ও শেষবার চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। দ্বিতীয়বার আবাহনী।

চলতি মৌসুমেও ছিল পাঁচ টুর্নামেন্টের প্রতিশ্রুতি। শেষ পর্যন্ত হচ্ছে তিনটি। দুইটিই বাতিলের খাতায়। সুপার কাপ ও স্বাধীনতা কাপ এবার হচ্ছে না তা রোববারের সভায়ই পাকা হয়েছে। এক ম্যাচের বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ দিয়ে মৌসুমে শুরু হয়েছিল।

এখন চলছে বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপ। সময় স্বল্পতার কথা উল্লেখ করা বাফুফে এবারও স্বাধীনতা কাপ আয়োজন থেকে সরে এসেছে। ঘটা করে প্রতিশ্রুতি দিয়ে যদিও বাফুফে নুতন মৌসুমেও সুপার কাপ আয়োজন করতে না পারে তা হলেও সমর্থকদের আশাভঙ্গেরও হ্যাটট্রিক হবে।

(ওএস/এএস/এপ্রিল ২০, ২০২৬)




















পাঠকের মতামত:

২২ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test